১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের জুটিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে রিয়াদুল-তনয়

সেরা আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও তিন জুটি।

ইরানের জুটিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে রিয়াদুল-তনয়
তনয় ও রিয়াদুলের মাঝে কোচ অহিদুজ্জামান রাজু। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ এর পুরুষ দ্বৈতে দারুণ সময় কাটছে বাংলাদেশের। ইরানের জুটিকে ২-১ সেটে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি। সব মিলিয়ে বাংলাদেশের চার জুটি উঠেছে এই ইভেন্টের সেরা আটের মঞ্চে!

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বুধবার পুরুষ দ্বৈতের শেষ ষোলোর অন্য ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশের দুই জুটি। শুভ খন্দকার-আকিব সোলাইমান জুটিকে ২-০ সেটে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে আব্দুল জহির তানভীর-গৌরব সিংহ জুটি।

নাইম রাহাতুন-মিজানুর রহমান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা- ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। অন্য ম্যাচে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল ইরানের আমির হোসেন আজমলো- সাইদ আরমিন জাকি জুটিকে সরাসরি সেটে (২১-১১, ২১-৯) হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন।

শেষ বত্রিশের লড়াইয়ে ভারতের জুটিকে সরাসরি সেটে উড়িয়ে দেওয়া রিয়াদুল-তনয়ের ইরানের বিপক্ষে অবশ্য শুরুটা ছিল হতাশার। ভালো খেললেও তারা প্রথম সেট হেরে যান ২১-১৭ পয়েন্টে।

পুরুষ দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তানভীর-গৌরভ জুটিও। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

পুরুষ দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তানভীর-গৌরভ জুটিও

দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রিয়াদুল-তনয়। আমির হোসেইন হাসানি-মেহেদি আনসারিকে প্রতিরোধ গড়ার সুযোগ না দিয়ে, ২১-১৪ পয়েন্টে জিতে সমতায় ফেরেন তারা। তৃতীয় সেটে লড়াই কিছুটা জমলেও ২১-১৯ ব্যবধানে জয় তুলে নেন দুজনে।

কদিন আগেই ব্যাডমিন্টনে দারুণ প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টরন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ এর মিশ্র দ্বৈতে দেশকে রুপা এনে দেন আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি। রিয়াদুল-তনয়, তানভীর-গৌরব জুটির হাত ধরে আরেকটি সাফল্যের দিকে ছুটছে বাংলাদেশ।