২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলা এমবাপের স্তুতিতে রেয়াল মাদ্রিদ কোচ

পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ এক রেকর্ড ছুঁতে আর একটি গোল প্রয়োজন কিলিয়ান এমবাপের।

রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলা এমবাপের স্তুতিতে রেয়াল মাদ্রিদ কোচ
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 03:33 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

রেয়াল মাদ্রিদে অসাধারণ এক বছর কাটছে কিলিয়ান এমবাপের। একের পর এক ম্যাচে গোল করে চলেছেন তিনি। আর এই পথচলায় ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ একটি রেকর্ড স্পর্শ করার খুব কাছে পৌঁছে গেছেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

সবশেষ ম্যাচেও জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন ফরাসি তারকা। তার নৈপুণ্যেই বুধবার কোপা দেল রের ম্যাচে তৃতীয় স্তরের তালাভেরাকে ৩-২ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। 

২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল হলো ৫৮টি। রেয়ালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি রোনালদোর। ২০১৩ সালে পর্তুগিজ মহাতারকা ৫৯ গোল করেছিলেন।

চলতি বছর আরেকটি ম্যাচ খেলবে রেয়াল। তাই রোনালদোর রেকর্ডে ভাগ বসানো কিংবা তাকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে এমবাপের সামনে।

আগের ম্যাচের একাদশ থেকে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অঁহেলিয়া চুয়ামেনিদের বেঞ্চে রেখে তালাভেরার বিপক্ষে খেলতে নামে রেয়াল। তবে পুরো ম্যাচে ২৬ বছর বয়সী এমবাপেকে খেলান কোচ শাবি আলোন্সো।

ম্যাচ শেষে এমবাপেকে স্তুতির জোয়ারে ভাসানোর পাশাপাশি তাকে ৯০ মিনিট খেলানো কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা তুলে ধরেন আলোন্সো।

“গোল করে ম্যাচের (ফল) নির্ধারক ছিল এমবাপে। সবসময়ই তার গোল করার দক্ষতা অসাধারণ। তৃতীয় গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই আমরা তাকে মাঠে রেখেছিলাম।”

“লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন নজর পরবর্তী ম্যাচে।”

ম্যাচের ৪১তম মিনিটে সফল স্পট কিকে রেয়ালকে এগিয়ে নেন এমবাপে। দলটির দ্বিতীয় গোলেও ছিল তার ভূমিকা। এমবাপের শট ঠেকাতে গিয়েই আত্মঘাতী গোল করেন তালাভেরার স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো।

এরপর একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তোলে তালাভেরা। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ফের বাড়ান এমবাপে। শেষ দিকে আরেকটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দিলেও শেষ পর্যন্ত আর পারেনি তালাভেরা।

আগামী শনিবার চলতি বছরে নিজেদের শেষ ম্যাচ খেলবে রেয়াল। লা লিগায় সেভিয়ার মুখোমুখি হবে তারা।