১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামজাকে হুমকি মানছেন সিঙ্গাপুর কোচ

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে আটকানোর লক্ষ্য সিঙ্গাপুর কোচ গেভিন লির।

হামজাকে হুমকি মানছেন সিঙ্গাপুর কোচ
নভেম্বরে নেপালের সঙ্গে ২-২ ড্র ম্যাচে বাংলাদেশের দুটি গোলই করেছিলেন হামজা চৌধুরী। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:46 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বাংলাদেশের হয়ে খেলা আট ম্যাচে হামজা চৌধুরীর গোল চারটি। এর একটি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সামর্থ্য নিয়ে একবিন্দু সংশয় নেই গেভিন লির। আসছে ম্যাচে সম্মিলিত প্রচেষ্টায় হামজাকে আটকানোর ছক কষছেন সিঙ্গাপুর কোচ।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। দুই দলই এখন শেষটা রাঙানোর অপেক্ষায়। গেভিনের মনে হচ্ছে, তাদের লক্ষ্যপূরণের পথটা কঠিন করে তুলতে পারেন হামজা।

“প্রথমত আমি ছেলেদের কথা ভাবি এবং আমি মনে করি, তারা আগামীকাল কিছু অর্জনের জন্য নিজেদের মেলে ধরতে মনোযোগী আছে। যদিও আমরা বাছাই পেরিয়েছি; কিন্তু আমাদের লক্ষ্য এই উইন্ডো কাজে লাগানো, এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া।”

“আমি মনে করি না, হামজাকে নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে। আমার মনে হয়, অধিকাংশ মানুষ তাকে চিনে এবং আমার মনে হয়, ইতোমধ্যে তাকে নিয়ে অনেক কথাও হয়েছে। সে ভালো খেলোয়াড়। খুবই উঁচু স্তরে খেলে এবং নিশ্চিতভাবে সে আগামীকাল আমাদের জন্য হুমকি হবে। সম্মিলিতভাবে নিজেদের সেরাটা দিয়ে আমরা তাকে এবং বাংলাদেশকে থামানোর চেষ্টা করব।”

চলতি বাছাইয়ে তিন জয়ের তিনটিই সিঙ্গাপুর পেয়েছে প্রতিপক্ষের মাঠে। পাঁচ ম্যাচের অজেয়যাত্রায় দুটি ড্র তারা করেছে ঘরের মাঠে। বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশও হারেনি; ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে কাবরেরার দল। সিঙ্গাপুর কোচ অবশ্য পরিসংখ্যানের চেয়ে মাঠের লড়াইয়ের দিকেই মনোযোগ বেশি দিতে আগ্রহী।

“বাইরের বিষয়গুলো নিয়ে বেশি ভাবলে সেটা আমাদের খেলার প্রভাব ফেলতে পারে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, এগিয়ে যাওয়া, এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া। আমাদের কাজ, যে ব্র্যান্ডের ফুটবল আমরা খেলি, সেটা মেলে ধরা, যাতে সবাই উপভোগ করতে পারে। তবে আবারও বলছি, বাংলাদেশ ভালো দল। প্রতিপক্ষের জন্য তারা ভালো প্রস্তুতি নেয় এবং এটা আপনারা জানেন।”