১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেস্টার সিটিতে বিদায়ঘণ্টা বেজেই গেল ফন নিস্টলরয়ের

ক্লাবটিতে তার চাকরি হারানোর শঙ্কা অনেকদিন ধরেই ছিল।

লেস্টার সিটিতে বিদায়ঘণ্টা বেজেই গেল ফন নিস্টলরয়ের
রুড ফন নিস্টলরয়। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

মৌসুমে লেস্টার সিটির ভীষণ বাজে পারফরম্যান্সের পর থেকেই শঙ্কাটা ছিল। সেটাই এবার সত্যি হলো। কোচ রুড ফন নিস্টলরয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লেস্টার সিটি।

‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে নিস্টলরয়ের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি শুক্রবার জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমে ছন্নছাড়া পারফরম্যান্সে দলটি দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার পর এটা একরকম অবধারিতই ছিল।

মৌসুমের শুরু থেকেই ব্যাকফুটে চলছিল লেস্টার সিটি। বাজে পারফরম্যান্সের দায় নিয়ে তখন চাকরি হারান স্টিভ কুপার এবং গত নভেম্বরে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন নিস্টলরয়। সেই সময় লিগ টেবিলে ১৬ নম্বরে ছিল দলটি।

কিন্তু এরপরও তাদের পারফরম্যান্সের কোনো উন্নতি হয়নি, বরং অবনতিই হয়। ১৮ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ অবনমন হয় ২০১৪-১৫ মৌসুমে চমক জাগিয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির। 

নিস্টলরয়ের কোচিংয়ে ২৭ ম্যাচে ১৯টি হারের তেতো স্বাদ পায় লেস্টার সিটি, জিততে পারে কেবল পাঁচটি ম্যাচ।

লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতেই দলটির অবনমন নিশ্চিত হয়ে যায়। তারপরও মৌসুম শেষ করার সুযোগ পান নিস্টলরয়। এরপর প্রায় এক মাস চাকরিতে বহাল তবিয়তে থাকার পর, এবার তাকে বিদায় নিতে হলো। বিদায়বেলায় ক্লাবকে শুভকামনা জানিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার।