১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনাকে ‘ঠিক জায়গায় ফিরিয়ে’ বিদায় নিচ্ছেন লেভানদোভস্কি

ভবিষ্যৎ ঠিকানা নিয়ে অবশ্য কিছু জানাননি পোলিশ তারকা।

বার্সেলোনাকে ‘ঠিক জায়গায় ফিরিয়ে’ বিদায় নিচ্ছেন লেভানদোভস্কি
রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 06:32 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

মৌসুমের শেষ ম্যাচ খেলার পর রবের্ত লেভানদোভস্কিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন বার্সেলোনা কোচ। কিন্তু হয়ে গেল আগেই। পোলিশ তারকা নিজেই জানিয়ে দিলেন, কাম্প নউয়ে তার অভিযান শেষ হতে যাচ্ছে।

ক্লাবটিতে চার মৌসুম খেলে ইনস্টাগ্রামে শনিবার এক বার্তায় বিদায়ের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

“চারটি চ্যালেঞ্জে ভরা বছর ও কঠিন পরিশ্রমের পর, সময়ে হয়েছে বিদায় নেওয়ার। এখানে আমার মিশন শেষ হয়েছে- এই অনুভূতি নিয়েই যাচ্ছি আমি।”

“এখানে প্রথম দিন থেকে সমর্থকদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা কখনও ভুলব না। এই চার বছরের যাত্রায় এখানে যত মানুষের সংস্পর্শে এসেছি, সবাইকে ধন্যবাদ।”

কাতালান দলটির হয়ে চার বছরে তিনটি লা লিগাসহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন লেভানদোভস্কি। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন তিনি; সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১১৯ গোল করেছেন এই স্ট্রাইকার।

চলতি মৌসুমটা অবশ্য মনমতো কাটেনি তার। গত বছরে কয়েক দফায় চোট পাওয়া খেলোয়াড় এবারের লা লিগায় ২৯ ম্যাচ খেললেও, এর কেবল ১৫টিতে শুরুর একাদশে ছিলেন। চলতি লা লিগায় ১৩টিসহ মৌসুমে করেছেন মোট ১৮টি গোল।

ব্যক্তিগত পারফরম্যান্সে শেষটা তাই খুব ভালো না হলেও, লিগ শিরোপা জয়ের আনন্দ নিয়েই বিদায় নিতে পারছেন লেভানদোভস্কি, যা তাকে দিচ্ছে বাড়তি আনন্দ।

“চার মৌসুম, তিনটি চ্যাম্পিয়নশিপ…বার্সার যেখানে থাকার কথা সেখানে ফিরেছে।”

সংবাদমাধ্যমের খবর, সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন লেভানদোভস্কি।

লিগে পরের ম্যাচে রোববার রেয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী সপ্তাহে ভালেন্সিয়ার মাঠে খেলে মৌসুম শেষ করবে তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয়ী দলটি।