Published : 17 Aug 2026, 10:30 PM
জালের দেখা পেলেন না ঋতুপর্ণা চাকমা। তবে, জয়ের স্বাদ পেলেন বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড। এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে তার দল আইয়ুওয়াডি পেয়েছে দারুণ জয়।
মিয়ানমারের ইয়াংগুনে সোমবার ‘এফ’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আইয়ুওয়াডি। দলের জয়ে জোড়া গোল করেন উইন তুন। একটি করে গোল কাসাই ও লিন মিন্ট মো’র।
এ ম্যাচে শুরুর একাদশে খেলেন ঋতুপর্ণা। দুটি সুযোগও পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। দ্বাদশ মিনিটে হেড ফেরান হাজেল লিম এবং ২১তম মিনিটে তিনি বলের নাগাল পাওয়ার আগেই গোলকিপার ছুটে বেরিয়ে এসে ক্লিয়ার করেন।
সব শেষে লিগে রাজশাহী স্টার্সের হয়ে খেলেন ঋতুপর্ণা। বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি এবারই প্রথম অংশ নিচ্ছে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে। সোমবার তারা ইস্ট বেঙ্গলের বিপক্ষে ৪-০ গোলে হেরে শুরু করেছে। মিয়ানমারের দলে যোগ দেওয়ায় রাজশাহী স্টার্সের হয়ে খেলতে পারেননি ঋতুপর্ণা।