১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় সাঁতারে সেরা রাফি-রোমানা

৩৫টি সোনা, ২৩টি রুপা ও ১১টি ব্রোঞ্জ নিয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

জাতীয় সাঁতারে সেরা রাফি-রোমানা
জাতীয় সাঁতারে বাংলাদেশ নৌবাহিনী একচ্ছত্র আধিপত্য করে হয়েছে দলগত সেরা। ছবি: সুইমিং ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

শেষ দিনে সুইমিংপুলে আধিপত্য করলেন কাজল মিয়া, দুটি রেকর্ডও গড়লেন তিনি। কিন্তু সেরা সাঁতারু হওয়ার দৌড়ে সামিউল ইসলাম রাফিকে চ্যালেঞ্জ জানাতে পারলেন না। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে আগেই সাতটি রেকর্ড গড়া রাফি হয়েছেন ছেলেদের মধ্যে সেরা সাঁতারু। 

এবারের জাতীয় সাঁতারে মেয়েদের মধ্যে সেরা রোমানা আক্তার; তিনটি রেকর্ডসহ ৫টি সোনা ও ৩টি রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু।

৩৫টি সোনা, ২৩টি রুপা ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে দলগত সেরা বাংলাদেশ নৌবাহিনী। ১০টি সোনা, ২১টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় হওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পেয়েছে ৪টি সোনা, ৫টি রুপা ও ৯টি ব্রোঞ্জ।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার শেষ দিনে ৯ ইভেন্টের পাঁচটিতে রেকর্ড হয়েছে। সব মিলিয়ে এবার ২০টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা।

প্রথম দিনে দুটি রেকর্ড গড়া কাজল এদিন পুলে ঝড় তোলেন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের ২০২২ সালের রেকর্ড (৪ মিনিট ৪৬ দশমিক ১৩ সেকেন্ড) ভাঙেন।

পরে ৪০০ মিটার ফ্রিস্টাইলে গত বছর নিজের করা রেকর্ড কাজল ভাঙেন ৪ মিনিট ৬ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে। চারটি রেকর্ড গড়ে এবারের আসর শেষ করলেন তিনি।

রাফির শেষ দিনটা অবশ্য ভালো কাটেনি। ৫০ মিটার ফ্রিস্টাইলে তিনি সতীর্থ আসিফ রেজার কাছে হেরে হয়েছেন দ্বিতীয়।

নারী বিভাগে বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার রেকর্ড গড়েছেন। ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর জুঁই, যুথী, সোনিয়া ও রুপা।

ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন একটি করে সোনা ও রুপা পেয়ে সেরা হয়েছেন। নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান সেরা হয়েছেন ৩টি সোনা জিতে।

ওয়াটারপোলোতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন ও নৌবাহিনী রানারআপ হয়েছে। ডাইভিংয়ে নৌবাহিনী চ্যাম্পিয়ন ও বিকেএসপি রানার্স আপ হয়েছে।

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।