১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যর্থতায় বলয় ভাঙতে পেরে লিভারপুল কোচের ‘স্বস্তি’

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জিততে পেরে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন আর্না স্লট।

ব্যর্থতায় বলয় ভাঙতে পেরে লিভারপুল কোচের ‘স্বস্তি’
ওয়েস্ট হ্যাম ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 07:03 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

কোনো কিছুতেই মিলছিল না সাফল্য। ছন্নছাড়া ফুটবলে পথ হারিয়ে ফেলেছিল লিভারপুল। তাই ভীষণ চাপে ছিলেন আর্না স্লট। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন ইংলিশ চ্যাম্পিয়নদের কোচ।

ওয়েস্ট হ্যামের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। গোল দুটি করেন আলেকসান্দার ইসাক ও কোডি হাকপো। 

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিনটি হারের পর জয়ের দেখা পেল স্লটের দল। আর সেই ১৪ সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে জিততে পারল তারা।

এদিনও সেরা রূপে ছিল না লিভারপুল। দারুণ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অবশেষে ৬০তম মিনিটে ইসাকের গোলে ভাঙে ‘ডেডলক।’ এরপরও দুশ্চিন্তায় ছিলেন স্লট, একটি গোল হজম করলেই যে হাতছাড়া হতে পারে জয়।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওয়েস্ট হ্যামের জালে বল পাঠিয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন হাকপো। শেষের বাজি বাজার পর অনুভূতি কেমন ছিল, ম্যাচ শেষে সেটা তুলে ধরলেন স্লট।

“স্বস্তি পেয়েছিলাম, যদিও আমি তখনই সহকর্মীদের বলেছিলাম যে হ্যান্ডবল হতে পারে, তাই (নিশ্চিত হতে) কিছুটা সময় লাগায় অবাক হয়নি। রেফারি যখন ইঙ্গিত করলেন এবং আমরা ২-০ গোলে এগিয়ে গেলাম, তখন খুশি হয়েছিলাম।”

“ফলাফলের দিক থেকে, এটা অবশ্যই খুব ভালো, তবে আমাদের সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোর সঙ্গে কিছু মিল ছিল এবং কিছুটা ভিন্নতাও ছিল। যেখানে সাদৃশ্য ছিল তা হলো, আমরা প্রথম সুযোগগুলোয় গোল করতে পারিনি, তবে ভালো দিক হচ্ছে, অনেক, অনেক, অনেক ম্যাচের পর প্রথমবারের মতো প্রতিপক্ষের প্রথম সুযোগটিও কাজে লাগেনি। সবচেয়ে ভালো দিক হলো, তারা একটি সুযোগই তৈরি করতে পেরেছিল এবং সেটা ছিল ৯০ মিনিটের পরে।”

এই জয়ের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচের মধ্যে ৯টিতে হেরেছিল লিভারপুল। 

১৩ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে আছে অ্যানফিল্ডের দলটি।