০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে চোখ গার্সিয়ার

বার্সেলোনায় অভিষেক মৌসুমে দুটি ট্রফি জয়ের স্বাদ নিয়ে এবার আরও বড় সাফল্য পাওয়ার আশায় এই গোলরক্ষক।

বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে চোখ গার্সিয়ার
বার্সেলোনার স্প‍্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 09:51 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বার্সেলোনার জার্সিতে অভিষেক মৌসুমে পেয়েছেন লা লিগা জয়ের স্বাদ। সেই সঙ্গে জিতেছেন আরেকটি ট্রফি। এরপর সফল বিশ্বকাপ অভিযানে চুমু এঁকেছেন বিশ্বসেরার ট্রফিতে। ক্যারিয়ারের সোনালী লগ্নে এবার আরেকটি বড় শিরোপা চোখ জোয়ান গার্সিয়ার; ক্লাবের হয়ে জিততে চান চ্যাম্পিয়ন্স লিগ।

নিউ জার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয় করে স্পেন। ড্রয়ে আসর শুরুর পর টানা সাত জয়ে উৎসবে মাতে তারা। যদিও, বিশ্বকাপে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি গার্সিয়া, পুরোটা সময় কাটান বেঞ্চে।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার লা লিগার মুকুট ধরে রাখার অভিযানে অবশ্য তার অবদান ছিল অনেক। লা লিগায় ৩০ ম্যাচে পোস্ট সামলে ২১টি গোল হজম করেন তিনি, ১৫টি রাখেন ক্লিন শিট। দলটির হয়ে স্প্যানিশ সুপার কাপও জিতেন গার্সিয়া।

বিশ্বকাপ অভিযান শেষে এখন ছুটিতে আছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। এর ফাঁকেই নিজের ফুটবল ক্যাম্পাসে সাংবাদিকদের সামনে আগামী মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানান।

“এক বছর ধরে আমি বার্সেলোনায় আছি। (এই সময়ে) আমরা লা লিগা ও স্প্যানিশ কাপ জিতেছি এবং এই বছরে আমরা বিশ্বকাপ জিতেছি। তাই অবশ্যই, আগামী মৌসুমের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ।

“আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপ সবচেয়ে বড় শিরোপা, এবং ক্লাব ফুটবলে ওটার কাছাকাছি চ্যাম্পিয়ন্স লিগ। এই বছরে নিজের জন্য আমি এই লক্ষ্যই নির্ধারণ করেছি।”

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও একটা সময় পর্যন্ত ভালোভাবে ছুটছিল বার্সেলোনা। কিন্তু কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হেরে বসে তারা; পরে ফিরতি লেগে ২-১ জিতলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে যায় কাতালান ক্লাবটি।

তবে, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ে লক্ষ্য স্থির করলেও, এই স্বপ্নে বুঁদ হয়ে থাকতে চান না গার্সিয়া। কারণ সেটা তৈরি করতে পারে বাড়তি চাপ।

“কোনো কিছুতে আচ্ছন্ন হয়ে থাকা ভালো কিছু নয়, কারণ লক্ষ্যটা পূরণ না হলে তখন এর নেতিবাচক প্রভাবটা অনেক বড় হয়ে দেখা দেয়।

“তবে আমরা অনেক আত্মবিশ্বাসী যে, এবার আমরা এটা (চ্যাম্পিয়ন্স লিগ) জিততে পারব।” 

আগামী ১৫ অগাস্ট শুরু হবে এবারের লা লিগা। আর বার্সেলোনা তাদের লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আগামী ২৩ অগাস্ট, এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে।