১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক মৌসুমেই মোনাকো অধ‍্যায় শেষ পগবার

বর্তমানে ঊরুর চোটের সঙ্গে লড়াই করা ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এখন ফ্রি এজেন্ট।

এক মৌসুমেই মোনাকো অধ‍্যায় শেষ পগবার
পল পগবা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 05:08 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

মোনাকোয় দীর্ঘ হলো না পল পগবার যাত্রা। এক মৌসুম শেষেই পারস্পারিক সম্মতিতে চুক্তি বাতিল করার কথা জানাল লিগ আঁর ক্লাবটি।

ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা ও চোট মিলিয়ে দুই বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন পগবা। গত মৌসুমে মোনাকোর জার্সিতে মাঠ ফিরলেও, নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। আগামী জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। 

মোনাকো এক বিবৃতিতে চুক্তি বাতিলের খবর জানিয়ে বলেছে, যে লক্ষ‍্য নিয়ে তারা পগবাকে চুক্তিভুক্ত করেছিল, তা পূরণ হয়নি। শেষটা ভালো না হলেও, ক্লাবকে ধন‍্যবাদ জানিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা।

“এএস মোনাকো অসাধারণ এক ক্লাব। যদিও যতটা আশা করেছিলাম, এখানে ততটা খেলার সুযোগ পাইনি, তবুও এই ক্লাবের জার্সি পরার এবং ক্লাবের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এগিয়ে যাও মোনাকো।”

গত মৌসুমে মোনাকোর হয়ে মাত্র ছয়টি ম‍্যাচ খেলতে পারেন পগবা। কেবল একটি ম‍্যাচে শুরুর একাদশে ছিলেন ২০১৮ বিশ্বকাপের শিরোপাজয়ী এই মিডফিল্ডার। 

কিছু দিন আগে হাঁটুর চোট থেকে সেরে ওঠা ম‍্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেস্তুসের সাবেক খেলোয়াড় পগবা এখন লড়াই করছেন ঊরুর চোটের সঙ্গে।