১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুয়ার্দিওলা বিদায় নিলেও ‘সবকিছু’ জয়ের লড়াই চলবে সিটির

পেপ গুয়ার্দিওলা বিদায় নিলেও তার সময়ের সাফল্য ধরে রাখতে প্রত্যয়ী ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 02:39 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

উৎসবের সুর আর বিদায়ের রাগিনী, একসঙ্গেই বেজে উঠেছিল যেন ম্যানচেস্টার সিটিতে। দলের সাফল্য উদযাপনের উপলক্ষ যেমন ছিল, তেমনি ছিল ইতিহাস গড়া কোচের বিদায়ের আয়োজনও। সেখান থেকে ভেসে এলো পুরোনো সাফল্যের পথ ধরে ছুটে চলার প্রত্যয়ও। দলের তারকা ফুটবলার আর্লিং হলান্ড বললেন, পেপ গুয়ার্দিওলা না থাকলেও সবকিছু জয়ের লড়াই চলবে তাদের।

ম্যানচেস্টারে সোমবার ছাদখোলা বাসের প্যারেড এবং এরপর কো-অপ লাইভে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নিয়েছেন গুয়ার্দিওলা। সিটির কোচ হিসেবে সাফল্যে টইটম্বুর ও গৌরবময় ১০ বছরের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তিও হয়ে গেল তাতে।

এই প্যারেডের মূল উপলক্ষ ছিল সিটির ঘরোয়া ‘ডাবল’, উইমেন’স সুপার লিগ এবং যুব এফএ কাপ জয়ের সাফল্য উদযাপন। সিটি সেন্টার ঘুরে বাসটি যায় মূল অনুষ্ঠানস্থলে, যেটি কানায় কানায় পূর্ণ ছিল ১৯ হাজার দর্শকে। বাইরেও ছিল হাজার হাজার দর্শক। এই আয়োজন থেকে গুয়ার্দিওলার পাশাপাশি বিদায় জানানো হয় সিটির অনেক সাফল্যের সঙ্গী দুই তারকা বের্নার্দো সিলভা ও জন স্টোন্সকে।

সিটির সাবেক অধিনায়ক ও এখন বায়ার্ন মিউনিখের কোচ ভেসোঁ কম্পানি, এদেরসন, জ্যাক গ্রিলিশের মতো তারকারা যোগ দেন এই আয়োজনে।

এখানেই বিদায়ী নায়কদের প্রতি সম্মান জানিয়ে হলাল্ড বললেন, সাফল্যরথে থাকার লড়াই তাদের চলবে।

“এই মৌসুমটা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের পক্ষে যতটা সম্ভব. সবচেয়ে বড় ট্রফিগুলো জেতার জন্য লড়াই করে যাব। আমরা এসবই জিততে চাই এবং আবারও সবকিছু জেতার জন্য লড়ব।”

“বের্নার্দো ও জনের সঙ্গে এবং অবশ্যই পেপের জন্য খেলাটা ছিল আনন্দের। অসাধারণ এক যাত্রা ছিল এটি, কিন্তু তাদের ছাড়াও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং লড়াই করতে হবে। এখন তাদের সম্মান জানানোর সময় এবং তারা সত্যিই এই ক্লাবের কিংবদন্তি।”

গুয়ার্দিওলার কোচিংয়ে ১০ বছরে সিটির জেতা ২০টি ট্রফি একে একে মঞ্চে নিয়ে যান সিটির ফুটবলার, কোচ ও ক্লাবের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা, যাদের মধ্যে ছিলেন জনপ্রিয় সঙ্গীত তারকা নোল গ্যালাগারও।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গুয়ার্দিওলা বলেন, এই স্মৃতি তিনি আজীবন লালন করবেন।

“আজকে আমাকে বিদায় জানাতে এখানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রথম মিনিট থেকেই আমি এই ক্লাবের সাথে একাত্মতা অনুভব করেছি।”

“আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই অনুভূতিটা আমার সারা জীবন থাকবে।”