‘এটা ছিল স্রেফ ডাকাতি’, রেফারিকে তীব্র আক্রমণ রাফিনিয়ার
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর দুই লেগের রেফারিকেই কাঠগড়ায় তুললেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা।
চোটের কারণে দুই লেগের কোনোটিতেই খেলতে পারেননি রাফিনিয়া। তবে বাইরে থেকে যা দেখেছেন, তাতে ভীষণ ক্ষুব্ধ তিনি। বার্সেলোনার বিদায়ের দায় দিলেন তিনি দুই লেগের রেফারিকে। ব্রাজিলিয়ান উইঙ্গার প্রচণ্ড আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করলেন দুই রেফারির।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগেই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় বার্সেলোনারকে। প্রথম লেগে লাল কার্ড দেখেন পাউ কুবার্সি। ঘরের মাঠে বার্সেলোনা হেরে যায় ২-০ গোলে।
দ্বিতীয় লেগে মঙ্গলবার আতলেতিকোর মাঠে ২৪ মিনিটের মধ্যেই গোল দুটি শোধ করে দেয় বার্সেলোনা। তবে একটু পরই একটি গোল ফিরিয়ে দেয় আতলেতিকো। এরপর ম্যাচে আর গোল হয়নি। উল্টো ৭৯তম মিনিটে লাল কার্ড দেখানো হয় বার্সেলোনার এরিক গার্সিয়াকে।
দ্বিতীয় লেগে কাতালানরা ২-১ গোলে জিতলেও দু্ই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনাল পা রাখে দিয়েগো সিমেওনের দল।
টিভি ফুটেজে দেখা গেছে, শেষ বাঁশি বাজার পর রাফিনিয়া বারবার হাত দিয়ে কিছু ধরার ভঙ্গি করছিলেন, যা সাধারণত ‘চুরির’ সঙ্গে যুক্ত একটি অঙ্গভঙ্গি।
স্রেফ শরীরী ভাষাতেই নয়, ম্যাচের পর তা উঠে এসেছে তার কণ্ঠেও।
“আমি যতটুকু বুঝি, এটা ছিল ডাকাতি… শুধু এই ম্যাচটাই নয়, প্রথম লেগও…।”
“আমার মনে হয়, রেফারিং খুবই বাজে হচ্ছে; তিনি (দ্বিতীয় লেগের রেফারি) যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, তা অবিশ্বাস্য... আমি সত্যিই বুঝতে চাই, বার্সেলোনা এসে জিতে যাবে, এই নিয়ে তারা এতটা ভীত কেন…!”
মানে রেফারির ভুল হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না রাফিনিয়া। তবে বার্সেলোনার বিরুদ্ধে ভুলগুলো ইচ্ছাকৃত বলেই ইঙ্গিত মিলছে তার কথায়।
“এসব মেনে নেওয়া কঠিন ছিল…। বিশেষ করে, যখন বুঝতে পারেন যে, ম্যাচটি জেতার জন্য তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে।”
“আমার মতে, এই লড়াইটির ফলাফল সত্যিকারের চিত্র ফুটিয়ে তুলছে না। ভুল সবাই করতে পারে, সবাই মানুষ। কিন্তু যখন ভুলগুলো ঠিক একইভাবে বারবার হতে থাকে, তখন আমার মনে হয়, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন।”
এমন তীব্র আক্রমণের পর রাফিনিয়া বিপদেও পড়তে পারেন। শাস্তির খড়গ নেমে আসতে পারে তার ওপর। রাফিনিয়ার মন্তব্য নিয়ে উয়েফার বক্তব্য জানতে চেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
