১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাজেমিরোর শূন্যতা পূরণে ম্যানচেস্টার ইউনাইটেডে সান্তোস

চেলসি থেকে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে নাম লেখালেন ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

কাজেমিরোর শূন্যতা পূরণে ম্যানচেস্টার ইউনাইটেডে সান্তোস
আন্দ্রেই সান্তোস। ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 10:22 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

মিডফিল্ড পুনর্গঠনের প্রচেষ্টায় চেলসি থেকে ব্রাজিলের আন্দ্রেই সান্তোসকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগের দুই ক্লাবই সোমবার এই দলবদলের কথা জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, সান্তোসের জন্য প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ হয়েছে চার কোটি ৮০ লাখ পাউন্ড। এছাড়া অন্যান্য সংযুক্তি মিলিয়ে দিতে হতে পারে আরও ২০ লাখ পাউন্ড।

তাকে নিয়ে ইউনাইটেডে কাজেমিরোর শূন্যতা পূরণ হলো। গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ওল্ড ট্র্যাফোর্ড ছাড়েন অভিজ্ঞ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সান্তোস নিজেও কাজেমিরোর বড় ভক্ত।

ইউনাইটেডের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে সান্তোস বললেন, ঐতিহ্যবাহী এই ক্লাবে যোগ দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে তার।

“সত্যি বলতে, ছোটবেলা থেকেই এই মুহূর্তটির স্বপ্ন দেখেছি। এই ক্লাবের ইতিহাস, এই ব্যাজের সঙ্গে আসা দায়িত্ব, এসবের জন্যই আমি এখানে এসেছি।”

স্বদেশের ক্লাব ভাস্কো দা গামার একাডেমি থেকে উঠে আসা সান্তোস ২০২৩ সালে যোগ দেন চেলসিতে। পরে ভাস্কো দা গামাতেই তিনি ধারে খেলতে যান কয়েক মাসের জন্য। এরপর নটিংহ্যাম ফরেস্ট ও স্ট্রাসবার্গে ধারে খেলে ২০২৫-২৬ মৌসুমের জন্য ফেরেন স্ট্যামফোর্ড ব্রিজে।

গত মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেন সান্তোস।

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন তিনি, কিন্তু কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে ছিলেন না। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নরা।