১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিরাপদে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল

নেপালে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে পুরো দল আটকা পড়লে, তাদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছিল।

নিরাপদে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল
বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরেছেন হাভিয়ের কাবরেরার দল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

নেপালে নানা টানাপোড়েনের পর অবশেষে নিরাপদে দেশে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল।

হাভিয়ের কাবরেরার দলকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি বৃহস্পতিবারে বিকাল ৪টা ৪০ মিনিটে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকারে অবতরন করেছে।

দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সেখানে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে ব্যাপক সহিংসতার খবর আসতে শুরু করলে কোচ, খেলোয়াড় ও স্টাফদের পরিবার দুশ্চিস্তায় পড়ে যায়।

এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় তাদেরকে দেশে ফিরিয়ে আনার। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় সফলভাবে দলের সবাই নিরাপদে দেশে ফিরলেন।

বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও সেখানে আটকা পড়েছিলেন, তাদেরকেও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ফুটবল দল গত ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর।

কিন্তু সোশাল মিডিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আর দুর্নীতির প্রতিবাদে জেন-জি আন্দোলনে সহিংসতা শুরু হলে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়।

মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২২ জনের মৃত্যুর পর নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। দেশটির পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।

নেপালের বিভিন্ন অংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুর হোটেলে আটকা পড়ে।

তাদের ফিরিয়ে আনতে বিমানের একটি ফ্লাইট মঙ্গলবার কাঠমান্ডু গেলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় নামার অনুমতি পায়নি। পরে সেটি ঢাকায় ফিরে আসে।

দুদিন পর অবশেষে সেই চেষ্টা সফল হলো এবং অবসান হলো তিন দিনের কঠিন সময়ের।