১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসিয়ান কাপ খেলতে প্রস্তুত বাংলাদেশ, অপেক্ষা ফিফার সিদ্ধান্তের

ভারত সরে দাঁড়ানোয় আসা সুযোগটি লুফে নিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 12:06 AM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ভারত শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তা লুফে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে ফিফার সাথে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটির সিদ্ধান্ত জানার অপেক্ষায় এখন তারা।

আগামী ২৪ সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) হবে আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া প্রিমিয়ার ডিভিশন অংশের আয়োজন করবে এবং হংকং চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক। এই টুর্নামেন্টে ভারতের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। তাতে সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশের সামনে।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, ফিফার সাথে আলোচনা চলছে তাদের। পাশাপাশি আসিয়ান কাপে অংশ নেওয়ার প্রস্তুতিও শুরু করেছেন তারা।

“ফিফা আমাদের কাছে জানাতে চেয়েছে সেপ্টেম্বরের উইন্ডোতে আমাদের পরিকল্পনা কী কী। আসিয়ান কাপে খেলার প্রস্তুতি আছে কি না। আমরা আমাদের পরিকল্পনার বিস্তারিত ফিফাকে জানিয়েছি। আসিয়ান কাপে খেলার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমরা এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে, ইতোমধ্যে আমরা এই আসরে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুতি শুরু করেছি।

প্রিমিয়ার ডিভিশনে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান খেলবে। ভারত সরে দাঁড়ানোয় এই বিভাগে খেলার সম্ভাবনা জেগেছে বাংলাদেশের।