Published : 26 Apr 2026, 01:36 AM
লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচে মাঠে নেমেই প্রবল চাপের মুখে পড়ল বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধেই হজম করল তিনটি গোল! তবে, এরপর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় পেল টানা দ্বিতীয়বারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।
মাইন্সের মাঠে শনিবার খেলতে নেমে আসরে দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল বায়ার্ন। পরে অবশ্য ছন্দ ফিরে পায় তারা, তুলে নেয় ৪-৩ গোলের জয়।
গত রাউন্ডে জিতে চার ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত করে বায়ার্ন। এরপর, গত বুধবার তারা জার্মান কাপের সেমি-ফাইনালে হারিয়ে দেয় বায়ার লেভারকুজেনকে।
সবশেষ ম্যাচের শুরুর একাদশে আটটি পরিবর্তন এনে মাইন্সের বিপক্ষে মাঠে নামে বায়ার্ন। এর প্রভাব পড়ে তাদের পারফরম্যান্সেও; বিরতির আগে দলটির একটি শটও লক্ষ্যে ছিল না।
পঞ্চদশ মিনিটে ডমিনিকের গোলে মাইন্স এগিয়ে যাওয়ার পর, ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান নেবেল। আর প্রথমার্ধের যোগ করা সময়ে শেরাল্ডো বেকেরের গোলে কোণঠাসা হয়ে পড়ে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরতেই হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে বদলি নামান বায়ার্ন কোচ এবং আক্রমণে ধার ফেরে দলটির। সাফল্যও মেলে দ্রুত।
৫৩তম মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলের পর, ৭৩তম মিনিটে ব্যবধান আরও কমান ওলিসে। ৮১তম মিনিটে জামাল মুসিয়ালার নৈপুণ্যে সমতায় ফেরে তারা।
এর দুই মিনিট পরই জয়সূচক গোলটি করেন কেইন। আসরের সর্বোচ্চ গোলদাতা এই ইংলিশ ফরোয়ার্ডের এটি ৩৩তম গোল।
৩১ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট হলো বায়ার্নের।
সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে মাইন্স।