১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

অঁরির সঙ্গে তুলনা নয়, নিজের ইতিহাস লিখতে চান আর্সেনালের নতুন ‘১৪ নম্বর’

‘আমি স্রেফ নিজের কাজটি করতে ও আমার সামর্থ্য দেখাতে চাই,’ বলছেন গোলমেশিন ভিক্তর ইয়োকেরেশ।

অঁরির সঙ্গে তুলনা নয়, নিজের ইতিহাস লিখতে চান আর্সেনালের নতুন ‘১৪ নম্বর’
ভিক্তর ইয়োকেরেশকে পেয়ে শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন দেখছে আর্সেনাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

নতুন ঠিকানা আর্সেনালে ১৪ নম্বর জার্সি পেয়েছেন ভিক্তর ইয়োকেরেশ, যে জার্সি পরে একসময় এই ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন থিয়েরি অঁরি, হয়েছেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেশ অবশ্য ফরাসি গ্রেটের সঙ্গে তুলনায় নয়, বরং ক্লাবটিতে নিজের পরিচয়ে জায়গা করে নিতে চান তিনি। 

বেশ কিছুদিনের চেষ্টার পর গত শনিবার ইয়োকেরেশকে দলে নেওয়ার ঘোষণা দেয় আর্সেনাল। এই গোলমেশিন গত মৌসুমে স্পোর্তিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে গোল করেন ৫৪টি, ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে যা ছিল সর্বোচ্চ।

আর্সেনালে অঁরির পর ১৪ নম্বর জার্সি পরে খেলেছেন থিও ওয়ালকট, পিয়েরে-এমেরিক অবামেয়াং, এডি এনকেটিয়ার মতো খেলোয়াড়রা। তবে তাদের কেউ তেমন প্রভাব রাখতে পারেননি।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২৭ বছর বয়সী ইয়োকেরেশ বলেন, ১৪ নম্বর জার্সি পেয়ে কোনো চাপ অনুভব করছেন না তিনি। 

“অবশ্যই আমি ইতিহাস সম্পর্কে জানি। সত্যি বলতে, ফাঁকা জার্সি খুব বেশি ছিল না। বেছে নেওয়ার মতো খুব বেশি ছিল না। তবে অবশ্যই এই জার্সি ফাঁকা ছিল। আমি (ইতিহাস) জানতাম, তাই এটা নেওয়া সহজ ছিল।”

“তার (অঁরি) ক্যারিয়ারে যা অর্জন, বিশেষ করে এখানে, সত্যি বলতে তার সঙ্গে তুলনায় যাওয়া আমার লক্ষ্য নয়। আমি স্রেফ নিজের কাজটি করতে ও আমার সামর্থ্য দেখাতে চাই। অবশ্যই তিনি অসাধারণ একজন খেলোয়াড় ছিল, কিন্তু আমার থেকে আলাদা।”

আগামী ১৭ অগাস্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে গত তিন আসরের রানার্সআপ আর্সেনাল।