‘বাজে’ ২০২৫ পেরিয়ে নতুন বছরে ট্রফির খোঁজে রেয়াল মাদ্রিদ
২০২৬ সালে শিরোপা জয়ের আশা করছেন দলটির মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
২০২৫ সাল ভালো কাটেনি রেয়াল মাদ্রিদের, স্বীকার করে নিচ্ছেন জুড বেলিংহ্যাম। হতাশার অধ্যায় পেছনে ফেলে নতুন বছরে শিরোপা জয়ের আশায় আছেন এই ইংলিশ মিডফিল্ডার।
২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, ২০২৪ সালে উয়েফা সুপার কাপ ও ফিফা কন্টিনেন্টাল কাপও জিতেছিল রেয়াল। কিন্তু ২০২৫ সালে কোনো ট্রফি জিততে পারেনি স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি।
২০২৪-২৫ মৌসুমে লা লিগা ও কোপা দেল রেতে চ্যাম্পিয়ন বার্সেলোনার পেছনে থেকে রানার্সআপ হয় রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে ভরাডুবির পর, ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে তারা বিধ্বস্ত হয় পিএসজির বিপক্ষে।
বড়দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে রেয়ালের খেলোয়াড়রা। সেখানেই মঙ্গলবার রেয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপে নতুন বছরের প্রত্যাশা নিয়ে প্রশ্নে আশার কথা শোনান ২২ বছর বয়সী বেলিংহ্যাম।
“ট্রফি জয়ের আশা করব। ভক্তদের ট্রফি প্রাপ্য। ২০২৫ কিছুটা খারাপ ছিল। তাই নতুন বছরে আমরা ট্রফি চাই।”
ক্লাব বিশ্বকাপের পর বেলিংহ্যামের কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। ফলে এই মৌসুমে মাঠে ফিরতে দেরি হয় তার। এখন পর্যন্ত তিনি লা লিগায় চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন, পাশাপাশি একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন চ্যাম্পিয়ন্স লিগে।
ক্লাব বিশ্বকাপ দিয়ে দায়িত্ব নেওয়া কোচ শাবি আলোন্সোর হাত ধরে এবারের মৌসুমের শুরুটা বেশ ভালো করেছিল রেয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১৪ ম্যাচের ১৩টিই জিতেছিল তারা। কিন্তু এরপর হঠাৎ তাদের ছন্দপতন হয়। এক পর্যায়ে আট ম্যাচের মধ্যে তাদের জয় ছিল কেবল দুটি, ঘরের মাঠে হারে পরপর দুই ম্যাচে। তাতে প্রবল চাপে পড়ে যান আলোন্সো।
বড়দিনের ছুটির আগে অবশ্য সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জিতে পরিস্থিতির কিছুটা উন্নতি করেছে আলোন্সোর দল। আগামী রোববার লা লিগায় রেয়াল বেতিসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে তারা খেলবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। নতুন বছরে রেয়ালের প্রথম শিরোপা জয়ের চ্যালেঞ্জ সেখানেই।
