১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দীর্ঘমেয়াদী চুক্তিতে ওয়েস্ট হ্যামে আর্জেন্টাইন স্ট্রাইকার

সাড়ে চার বছরের জন্য কাস্তেইয়ানাসের সঙ্গে চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।

দীর্ঘমেয়াদী চুক্তিতে ওয়েস্ট হ্যামে আর্জেন্টাইন স্ট্রাইকার
আর্জেন্টাইন স্ট্রাইকার কাস্তেইয়ানাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ইতালিয়ান ফুটবল ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন কাস্তেইয়ানাস। দীর্ঘমেয়াদী চুক্তিতে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দলে নিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

লাৎসিও থেকে ২৭ বছর বয়সী কাস্তেইয়ানাসকে সাড়ে চার বছরের জন্য দলে নেওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

২০২৩ সালে লাৎসিওতে যোগ দেন কাস্তেইয়ানাস। সেরি আয় ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫২ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি। যার মধ্যে গত মৌসুমেই পেয়েছেন ১০ বার জালের দেখা। 

ওয়েস্ট হ্যাম বিবৃতিতে জানিয়েছে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেই কাস্তেইয়ানাসকে পাবে তারা। 

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলে আছে ওয়েস্ট হ্যাম। সবশেষ ৯টি লিগ ম্যাচ জিততে পারেনি তারা। মৌসুমে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে ১৮তম স্থানে আছে দলটি।