১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বর্ষসেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

আরও দুইজন মনোনীত হলেও, মূল লড়াইটা হয়তো হবে এই তিন জনের মধ্যেই।

বর্ষসেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে
মিকেল আর্তেতা, লুইস দে লা ফুয়েন্তে ও লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 07:32 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ব্যালন দ’রের বর্ষসেরা কোচের লড়াইয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন স্পেনকে বিশ্বকাপ জেতানো লুইস দে লা ফুয়েন্তে। তাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারেন আর্সেনালের ২২ বছরের লিগ শিরোপার খরা কাটানোর কান্ডারি মিকেল আর্তেতা ও পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে।

এই বছরের ব্যালন দ‘রের সব ক্যাটাগরির মনোনীতদের তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল।‘  

কোচের লড়াইয়ে আছেন মোট পাঁচ জন। বাকি দুই জন হলেন অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জেতানো উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগা ও জার্মান কাপ জেতানো ভেসোঁ কম্পানি।   

তবে মূল লড়াইটা হয়তো হবে এনরিকে, আর্তেতা ও দে লা ফুয়েন্তের মধ্যে। যে লড়াইয়ে নিশ্চিতভাবে একটু হলেও এগিয়ে থাকবেন দে লা ফুয়েন্তে।

তার কোচিংয়ে গত জুলাইয়ে শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো আসরে অবিশ্বাস্য দাপুটে ফুটবল খেলে, আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে চ্যাম্পিয়ন হয় দলটি। ফাইনালে তারা এতটাই আধিপত্য করে যে, প্রতিপক্ষ আর্জেন্টিনা কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।

প্রিমিয়ার লিগে আর্সেনাল যেন শিরোপা স্বাদ ভুলতে বসেছিল। সেই দলকেই ইংল্যান্ডের শীর্ষ লিগে আবার চূড়ায় তুলেছেন আর্তেতা। তার হাত ধরে আগের তিন মৌসুমেও দারুণ ফুটবল উপহার দেয় আর্সেনাল; কিন্তু শেষটায় বারবার গড়বড় হয়ে যাচ্ছিল। কিন্তু গত মৌসুমে আর দলকে পথ হারাতে দেননি এই স্প্যানিশ কোচ। রানার্সআপ ম্যানচেস্টার সিটিকে পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলে ট্রফি উঁচিয়ে ধরে তারা।

চ্যাম্পিয়ন্স লিগে ও লিগ কাপেও ফাইনারে ওঠে আর্সেনাল, কিন্তু এই দুই প্রতিযোগিতায় শিরোপা লড়াইয়ে হেরে যায় দলটি।

আর যে পিএসজির দুই বছর আগে একটাই অপ্রাপ্তি ছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তারাই এনরিকের কোচিংয়ে টানা দুই মৌসুমে ইউরোপ সেরার আসনে বসেছে। 

গত মৌসুমে কেবল চ্যাম্পিয়ন্স লিগ নয়, লিগ আঁর শিরোপাও ধরে রাখে এনরিকের দল।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন দ’রের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ী।