এবার ফ্রান্সের সমর্থনও হারালেন ইনফান্তিনো
প্রভাবশালী ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এমন সিদ্ধান্তের পর ফিফা সভাপতির ওপর চাপ আরও বাড়ল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পায়ের নিচের জমিন আলগা হয়ে যাচ্ছে ক্রমেই। এতদিন তার পাশে থাকলেও এবার সরে দাঁড়িয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। প্রভাবশালী সংস্থাটির এই সিদ্ধান্তের পর তার ওপর চাপ বাড়ছে আরও।
২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার শীর্ষ পদে থাকা ইনফান্তিনোর আগামী বছরের নির্বাচনে জয়কেও মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। তবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের ৪.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির ব্যর্থ পরিকল্পনার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। একাধিক মহাদেশীয় ও জাতীয় ফুটবল সংস্থা তার পদত্যাগ বা তাকে প্রতিস্থাপনের আহ্বান জানিয়েছে।
এফএফএফ বৃহস্পতিবার যে বিবৃতি দিয়েছে, সেখানেও ফুটে উঠছে এই বাস্তবতা।
“যদিও প্রাথমিকভাবে ফিফা সভাপতিকে সমর্থন দেওয়া হয়েছিল, যিনি তখন তার নিজের উত্তরসূরি হিসেবে একমাত্র প্রার্থী ছিলেন, তবে সেই সমর্থনের শর্তগুলো আর পূরণ হচ্ছে না।
গত ২৯ জুন এফএফএফ-এর সমর্থন প্রকাশের পর ফিফার পরিচালনা ও সভাপতির সাথে সরাসরি জড়িত এবং সুশাসনের মৌলিক নীতি ও ফুটবলের মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক একাধিক ঘটনা ঘটেছে।”
বিনিয়োগকারীদের কাছ থেকে বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা ফাঁস হওয়ার পর তিনটি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইনফান্তিনোর পদত্যাগের আহ্বান জানায়। এর মধ্যে ছিল উয়েফা (ইউরোপ), কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান) এবং এএফসি (এশিয়া)।
সমর্থন প্রত্যাহারের ক্ষেত্রে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এবং সার্বিয়ার স্বতন্ত্র ফেডারেশনগুলোর সঙ্গে যোগ দিল এখন ফ্রান্সও।
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন অবশ্যই ১৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। যদিও এখনও পর্যন্ত আগ্রহী কারও কথা জোরালভাবে প্রকাশ্য হয়নি। তবে কনক্যাকাফ সভাপতি এবং বর্তমান ফিফা সহ-সভাপতি ভিক্টর মন্টালিয়ানি প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।
