১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পোর্তিংয়ে আমুরির উত্তরসূরি পেরেইরা ৮ ম্যাচ পরই ছাঁটাই

৪০ বছর বয়সী এই পর্তুগিজ কোচের হাত ধরে আট ম্যাচে মাত্র তিনটি জয় পায় লিসবনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

হুবেন আমুরি চলে আসার পর স্পোর্তিং যেন সাফল্যের চেনা পথটা ভুলে গেছে। আর এই ব্যর্থতার দায় পড়েছে তার উত্তরসূরি জোয়াও পেরেইরার ওপর। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র আট ম্যাচ পরই ছাঁটাই হলেন এই পর্তুগিজ।

স্পোর্তিংয়ে সাফল্যে ভরা সময় কাটিয়ে আমুরি গত মাসে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তার জায়গায় পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব নেন পেরেইরা। তার হাত ধরে আট ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পায় দলটি।

৩৯ বছর বয়সী আমুরির কোচিংয়ে গতবারসহ দুবার লিগ শিরোপাজয়ী স্পোর্তিং এবারও লিগ টেবিলে শীর্ষে ছিল। কিন্তু গত কয়েক ম্যাচের ছন্দপতনে তারা নেমে গেছে দুইয়ে, শীর্ষে ওঠা বেনফিকার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে।

এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পতন হয়েছে আরও বেশি। আমুরি চলে যাওয়ার সময় চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে চার ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল স্পোর্তিং। এরপর, আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলে এবং ক্লাব ব্রুজের কাছে ২-১ গোলে হেরে তারা ১৭ নম্বরে নেমে গেছে।

সবশেষ লিগ ম্যাচে জিউ ভিসেন্তের সঙ্গে গোলশূন্য ড্র করে স্পোর্তিং। এরপরই যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্লাব কর্তৃপক্ষের। বড়দিনের আনন্দের মাঝেই বৃহস্পতিবার পেরেইরাকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় ক্লাবটি। 

একই সঙ্গে ভিতোরিয়ার দায়িত্বে থাকা রুই বোর্গেসকে নিয়োগ দিয়েছে স্পোর্তিং।