এভারটন ম্যাচে নেই রদ্রি
স্প্যানিশ তারকা মিডফিল্ডার কবে ফিরবেন, জানেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
রদ্রিকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই সত্যিই হয়েছে। এখনই মাঠে ফেরা হচ্ছে না ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডারের। এভারটনের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে ইংলিশ ক্লাবটিকে। কবে নাগাদ ফিরবেন তিনি, সেটাও নিশ্চিত নন কোচ পেপ গুয়ার্দিওলা।
অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে ছিলেন রদ্রি। মৌসুমের শেষ দিকে মাঠে ফেরার পর গত জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপে খেলার সময় আবার নতুন করে চোট পান তিনি। ফলে খেলতে পারেননি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির প্রথম ম্যাচে।
পরে মাঠে ফিরলেও, হাঁটুর ব্যথায় বার্নলির বিপক্ষে লিগ ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। মাঠে ফিরে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে খেলেন এক ঘণ্টার মতো।
আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে ফের চোট হানা দেয় রদ্রির শরীরে। ব্রেন্টফোর্ডের মাঠে সিটির ১-০ গোলে জেতা ম্যাচের ২২তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ব্যালন দ’র জয়ী ফুটবলার।
এই চোট তাকে ছিটকে দেয় অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ থেকে। তাকে ছাড়া জর্জিয়ার ২-০ গোলে এবং বুলগেরিয়ার বিপক্ষে ৪-০ গোলে জেতে স্পেন।
ব্রেন্টফোর্ড ম্যাচের পর গুয়ার্দিওলা বলেছিলেন দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হতে পারে রদ্রিকে। শনিবার এভারটনের মুখোমুখি হওয়ার আগের দিন স্প্যানিশ এই কোচ বললেন, রদ্রি কবে ফিরবে, জানেন না তিনিও।
“(ভালো) খবর নেই। কালকের জন্য সে (রদ্রি) প্রস্তুত নয়। সে কবে ফিরবে আমি জানি না।”
লিগে ৭ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে সিটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
