Published : 07 Feb 2026, 05:54 PM
আর্সেনালের ধারাবাহিক উন্নতিতে বেশ খুশি জন টেরি। তবে, গত সপ্তাহে দলটির একটা আচরণ পছন্দ হয়নি তার। চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে ওঠার পর যে বাঁধভাঙা উদযাপন করেন রাইস-মার্তিনেল্লিরা, তা একদমই ভালো লাগেনি সাবেক ইংল্যান্ড অধিনায়কের।
লিগ কাপের সেমি-ফাইনালে দ্বিতীয় লেগে গত মঙ্গলবার একেবারে শেষ মুহূর্তে কাই হাভার্টজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। প্রথম লেগে তারা জিতেছিল, ৩-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে শিরোপার মঞ্চে ওঠে দলটি।
প্রতি-আক্রমণে জার্মান মিডফিল্ডার হাভার্টজের গোলের পরই উৎসবের আবহ শুরু হয়ে যায় পুরো এমিরেটস স্টেডিয়ামে। শেষের বাঁশি বাজতেই তা যেন নতুন মাত্রা পায়। তাদের এমন উদযাপন দেখে টিকটকের সঙ্গে আলাপকালে মিকেল আর্তেতার দলকে যেন খোঁচা মারলেন টেরি।
“(লিগ কাপের সেমি-ফাইনাল জয়ের পর) আর্সেনালের ওইরকম উদযাপন নিয়ে আমি কথা বলতে চাই। আমরা ভুলে না যাই যে, এটা কারাবাও কাপ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নয়। তাদের উদযাপন আমার কাছে অনেক বেশি লেগেছে। আমার মনে হয়, তাদের ওপর যে এখন অনেক চাপ সেটাও প্রমাণ হয় এতে।”
“আগেও আমি বলেছি, এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আর্সেনালকে অনেকটা এগিয়ে থেকেই সেরা দল মনে হচ্ছে এবং আমার মতে, প্রিমিয়ার লিগে তাদের স্কোয়াডই সেরা। তাদের শক্তির গভীরতা অনেক এবং আমার চোখে তারা সেরা। তবুও, তারা তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেনি, কারাবাও কাপের ফাইনালে উঠেছে।”
প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপা খরা পেরিয়ে গেছে দুই যুগের বেশি সময়। যেকোনো টুর্নামেন্টের হিসেবেই সবশেষ তারা ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছে ২০২০ সালের এফএ কাপে। সেই থেকে এবারই প্রথম কোনো ফাইনালে উঠল দলটি।
তাই আর্তেতার কোচিংয়ে দলটি দারুণ উন্নতি করলেও, তাদের ওপর চাপের মাত্রাও যে অনেক, সেটা তাদের অমন উদযাপনের মাঝেই লুকিয়ে বলে মনে করেন চেলসিতে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটানো টেরি।
“হ্যাঁ, (মৌসুমে) এটাই প্রথম ট্রফি, যা জিততে পারেন। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণও। তবে এতে এটাও দেখায় যে, এই মুহূর্তে আর্সেনাল দল কী অবস্থায় আছে। তারা স্নায়ুচাপ অনুভব করছে।