চ্যাম্পিয়ন্স লিগ
Published : 28 Apr 2026, 04:12 PM
পথচলাটা সহজ ছিল না। কঠিন সব বাধা পেরিয়ে এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি। দলকে নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই লুইস এনরিকের। ফরাসি ক্লাবটির কোচের মতে, পারফরম্যান্সের দিকে তার দল এখন ইউরোপের সেরা।
গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের প্লেঅফে খেলতে হয়েছে পিএসজিকে। সেখানে মোনাকোকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা। পরের চেলসি ও লিভারপুলের বিপক্ষে জিতে সেমি-ফাইনালে উঠেছে এনরিকের দল।
শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে শিরোপাধারী পিএসজি। প্যারিসে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।
জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজিকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক ফর্ম। সবশেষ নয় ম্যাচের আটটিতেই জিতেছে তারা। লিগ আঁয় ছয় পয়েন্ট এগিয়ে থেকে আছে শীর্ষে।
ইউরোপ সেরার প্রতিযোগিতার প্রাথমিক পর্বে কেবল একটি ম্যাচ হেরে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। এরপর আর কোনো ম্যাচ হারেনি তারা। ধারাবাহিকতায় পিএসজির চেয়েও এগিয়ে বায়ার্ন, মেনে নিচ্ছেন এনরিকে। তবে সামগ্রিকভাবে নিজেদেরই সেরা বলছেন তিনি।
“এই দুই দল ইউরোপের সেরা। ধারাবাহিকতার দিক থেকে বায়ার্ন হয়তো আমাদের চেয়ে কিছুটা এগিয়ে, কারণ তারা মাত্র দুটি ম্যাচ হেরেছে। তবে আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি, সেই হিসেবে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই।”
“জিততে হলে রক্ষণাত্মক ফুটবলের চেয়ে আক্রমণাত্মক ফুটবল বেশি খেলতে হবে। আমরা জানি, এটা কতটা কঠিন, তবে আমরা এখানে সমঝোতা করতে আসিনি, আমরা জিততে চাই।”
সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ হবে আলিয়ান্স অ্যারেনায়, আগামী ৬ মে।