২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 18 May 2026, 07:43 PM
মৌসুমের প্রায় পুরোটা মাঠের বাইরে থাকার পরও, কেপ ভার্দের বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেছেন ডিফেন্ডার লোগান কস্তা! তার পূর্ণ ম্যাচ ফিটনেস নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা থাকার পরও, এই ঝুঁকি নিয়েছেন কোচ বুবিস্তা।
প্যারিসে জন্ম নেওয়া এই সেন্টার-ব্যাক গত জুলাইয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এসিএলে চোট পেয়ে ছিটকে পড়েন। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া সেরে, গত রোববার লা লিগায় রায়ো ভাইয়েকানোর মাঠে ২-০ গোলে হারের ম্যাচে মাঠে ফেরেন ভিয়ারিয়ালের কস্তা।
বদলি হিসেবে কেবল ১৩ মিনিট খেলেন তিনি। এই সামান্য সময়েই অবশ্য জাতীয় দলের কোচকে সন্তুষ্ট করতে পেরেছেন ২৫ বছর বয়সী ফুটবলার। অনেকের মতে, কেপ ভার্দের সেরা ফুটবলার এই কস্তা।
তাই বিষয়টি একরকম পরিষ্কার যে, দলের সেরা খেলোয়াড়কে কিছুতেই বাইরে রাখতে চান না কোচ।
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য কেপ ভার্দের সোমবার ঘোষিত ২৬ সদস্যের দলে আর কোনো চমক নেই।
মাত্র ছয় লাখ জনসংখ্যার দেশটি এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে। ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব।