১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনাইটেডের ‘অন্তর্বর্তীকালীন কোচ’ ক‍্যারিক

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, মৌসুমের বাকি সময়ের জন‍্য মাইকেল ক‍্যারিককে দায়িত্ব দিতে যাচ্ছে ম‍্যানচেস্টার ইউনাইটেড।

ইউনাইটেডের ‘অন্তর্বর্তীকালীন কোচ’ ক‍্যারিক
মাইকেল ক‍্যারিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 04:37 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে ম‍্যাচের আগে নতুন কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে ম‍্যানচেস্টার ইউনাইটেড। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, মৌসুমের বাকি সময়ের জন‍্য মাইকেল ক‍্যারিককে নিয়োগ দিতে যাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। 

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি মঙ্গলবার এই ঘোষণা দিতে পারে। 

গত ৫ জানুয়ারি প্রধান কোচ হুবেন অ‍্যামুরিকে ছাঁটাই করে ইউনাইটেড। পরে দুই ম‍্যাচের জন‍্য তারা দায়িত্ব দেয় ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড‍্যারেন ফ্লেচারকে। 

মৌসুমের বাকি সময়ের জন‍্য অন্তর্বর্তীকালীন কোচ হতে সবার চেয়ে এগিয়ে ছিলেন ক‍্যারিক ও ওলে গুনার সুলশার। বিবিসি মঙ্গলবার জানায়, ৪৪ বছর বয়সী ক‍্যারিক পাচ্ছেন দায়িত্ব।

২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলেন ক‍্যারিয়ার। ২০২১ সালেও ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন তিনি। ২০২২ থেকে গত বছর ছিলেন মিডলসব্রার কোচ। এবার ফিরছেন চিরচেনা ইউনাইটেডে, দলকে কক্ষপথে ফেরানোর চ‍্যালেঞ্জ নিয়ে।

ক‍্যারিকের কোচিং স্টাফের সদস‍্যদের নামও প্রকাশ করেছে বিবিসি। সহকারী কোচ হতে যাচ্ছেন স্টিভ হল‍্যান্ড। এছাড়াও থাকছেন জোনাথান উডগেট, জনি ইভান্স ও ট্র‍্যাভিস বিনিয়ন। 

২১ ম‍্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে আছে ইউনাইটেড। 

নিজেদের সবশেষ ম‍্যাচে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইউনাইটড। আগামী শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী সিটির মুখোমুখি হবে তারা।