Published : 05 Sep 2025, 09:26 PM
ছোটবেলা থেকে যাকে আদর্শ মেনে বড় হয়েছেন, সেই লিওনেল মেসির সঙ্গে প্রথমবার ম্যাচের শুরু থেকে খেলতে পেরে খুবই উচ্ছ্বসিত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে তরুণ এই ফুটবলার বললেন, ম্যাচের একপর্যায়ে তার ওপর রেগে গিয়েছিলেন মেসি। সেই কারণও জানালেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক মেসিই।
গত জুনে চিলির বিপক্ষে শেষ দিকে বদলি নেমে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মাস্তানতুয়োনোর। ভেনেজুয়েলার বিপক্ষে মেসির সঙ্গে ম্যাচের শুরু থেকে এক ঘণ্টার বেশি সময় খেলেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
একপর্যায়ে ভালো পজিশনে থাকা মেসিকে পাস না দিয়ে নিজেই শট নিয়ে ব্যর্থ হন মাস্তানতুয়োনো। বিষয়টি মোটেও ভালো লাগেনি মেসির। সেই মুহূর্তের কথা ম্যাচ শেষে তুলে ধরেন মাস্তানতুয়োনো।
“তিনি আমাকে মেরেই ফেলতেন, তবে তিনি বুঝতে পেরেছিলেন। আমি ক্ষমা চেয়ে নিই।”
স্বদেশের ক্লাব রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাস্তানতুয়োনো এই মৌসুমে নাম লিখিয়েছেন রেয়াল মাদ্রিদে। স্তাদিও মনুমেন্তালে রিভার প্লেটের ঘরের মাঠে। সেখানে শৈশবের নায়ক মেসির সঙ্গে খেলতে পেরে খুশির জোয়ারে ভাসছেন মাস্তানতুয়োনো।
“তার সঙ্গে খেলাটা ছিল অবিশ্বাস্য। সত্যিই আমার জীবনের স্বপ্ন। রিভার প্লেটের মাঠে খেলতে পারাটা ছিল অসাধারণ। আমি সবসময় বলেছি, ছোটবেলা থেকেই আমার আদর্শ তিনি। তার পুরো ক্যারিয়ারে তাকে দেখেছি আমি।”