০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গভীর বেদনা নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা কোনাতের

মোহামেদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের পর লিভারপুল ছেড়ে যাচ্ছেন আরও একজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 01:00 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ার খবরও এসেছিল সংবাদ মাধ্যমে। শেষ পর্যন্ত এক বিন্দুতে পৌঁছতে পারেনি দুই পক্ষ। লিভারপুলে ইব্রাহিমা কোনাতের অধ্যায় তাই শেষ হয়েই গেল। খুব খুশিমনে অবশ্য যাচ্ছেন না এই ডিফেন্ডার। অকপটেই বললেন, সমর্থকদের বিদায় জানানোর সুযোগটি না পেয়ে তিনি গভীরভাবে মর্মাহত। 

লিভারপুলে কোনাতের পাঁচ বছরের চুক্তি শেষ এই মৌসুম দিয়েই। 

ইএসপিএন আগে জানিয়েছিল, ২০২৩ সালের এপ্রিল থেকেই নতুন চুক্তি নিয়ে দর-কষাকষি চলছে দুই পক্ষের। কিন্তু লম্বা সময়েও কোনো সমাধান মেলেনি। গত এপ্রিলে ফরাসি এই ডিফেন্ডার বলেছিলেন, নতুন চুক্তির কাছাকাছিই আছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না।

২০২১ সালে লিভারপুলে যোগ দেওয়া এই সেন্টারব্যাক ক্লাবের হয়ে খেলেছেন ১৮৩ ম্যাচ। জিতেছেন একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও দুটি লিগ কাপ। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন সাতটি।

বিদায়বেলায় সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি তুলে ধরলেন ক্লাবের প্রতি তার ভালোবাসা ও নিবেদনের কথা। 

“প্রিয় লিভারপুল, পাঁচ বছর আগে, বড় স্বপ্ন নিয়ে একজন তরুণ খেলোয়াড় হিসেবে এখানে এসেছিলাম। আজ এমন কিছু স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি, যা আমার বাকি জীবন সঙ্গে থাকবে। এই ক্লাবের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য ছিল এক পরম সম্মান। আমরা একসঙ্গে অবিশ্বাস্য সব মুহূর্ত ভাগ করে নিয়েছি... উত্থান-পতন, ট্রফি, প্রতিকূলতা, আজীবনের বন্ধুত্ব, এবং হৃদয়বিদারক মুহূর্ত, যা আমাদের সঙ্গে চিরকাল থেকে যাবে, যার মধ্যে সবচেয়ে বেদনাদায়ক ছিল আমাদের ভাই দিয়োগোকে (জটা) হারানো।”

“এই বছর বাবাকে হারানোটা আমার জীবনের অন্যতম কঠিন সময় ছিল, কিন্তু এত কষ্টের মধ্যেও এই ক্লাবের প্রতি আমার অঙ্গীকার কখনো বদলায়নি। সবচেয়ে কঠিন সময়ে, আমি এই ব্যাজের জন্য আমার সবকিছু উজাড় করে দিয়েছি।”

সমর্থকদের সামনে মাঠ থেকে বিদায় নিতে না পারার আক্ষেপও ফুটে উঠল তার কথায়। 

“আমার সতীর্থ, কোচ, স্টাফ এবং নেপথ্যের সকলকে, আমাকে প্রতিদিন আরও ভালো হতে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর সমর্থকদের... আপনাদের ভালোবাসা, আপনাদের উদ্দীপনা এবং আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। অ্যানফিল্ড সত্যিই একটি বিশেষ জায়গা, এবং আপনাদের সামনে খেলতে পারাটাকে আমি কখনোই হালকাভাবে নিইনি।”

“আমি গভীরভাবে মর্মাহত যে, শেষ ম্যাচে আপনাদের সবাইকে বিদায় জানানোর সুযোগ পাইনি। সেই মুহূর্তে আমি জানতাম না যে আপনাদের সামনে এই জার্সিটি পরা এটাই আমার শেষবার হবে।”

শেষটা মনের মতো না হলেও বিদায় বেলায় সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন আবার। 

“আমার অন্তরের গভীর থেকে সবকিছুর জন্য ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং যেখানেই যাই না কেন, লিভারপুলকে আমার সঙ্গে বয়ে নেব। এই বিদায়টা সহজ নয়, কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ এবং নতুন অধ্যায়ের সময়।”

“শিগগিরই আবার দেখা হবে।”

এই নিয়ে এবারের মৌসুমে লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন তিনজন। ক্লাবের দুই গ্রেট মোহামেদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এর মধ্যে কোচ আর্না স্লটকেও ছাঁটাই করেছে ক্লাব।