Published : 18 Jul 2025, 10:54 PM
বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনটাই সত্যি হলো। চেলসি ছেড়ে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালে যোগ দিলেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে।
২৩ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা শুক্রবার জানিয়েছে আর্সেনাল। চুক্তির নির্দিষ্ট মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, চুক্তি হয়েছে পাঁচ বছরের এবং প্রাথমিকভাবে আর্সেনালের খরচ হচ্ছে চার কোটি ৮৫ লাখ পাউন্ড। বিভিন্ন বোনাস-সহ অঙ্কটা পাঁচ কোটি পাউন্ড ছাড়িয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে চেলসি দলের সঙ্গে ছিলেন মাদুয়েকে। তবে গত রোববার ফাইনালে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের আগে ক্যাম্প ছেড়ে যান তিনি।
শুক্রবার তিনি ইনস্টাগ্রামে চেলসি ছাড়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই তাকে দলে নেওয়ার কথা জানায় আর্সেনাল।
ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তিন কোটি পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন মাদুয়েকে। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে ২০টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাব বিশ্বকাপের আগে এই মৌসুমে জিতেছেন উয়েফা কনফারেন্স লিগ।
গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে দ্বিতীয় ও সব মিলিয়ে চার জন খেলোয়াড় কিনল আর্সেনাল। এর আগে চেলসি থেকে মিকেল আর্তেতার দলে যোগ দেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।
প্রিমিয়ার লিগের গত তিন আসরে রানার্সআপ হয় আর্সেনাল।