১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে ‘কয়েক সপ্তাহের জন্য’ ছিটকে গেলেন ম্যাগুইয়ার

পায়ের পেশির চোটে ভুগছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 08:48 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

চলতি মৌসুমে বাজে সময় কাটানো ম্যানচেস্টার ইউনাইটেড খেল আরেক বড় ধাক্কা। পায়ের পেশির চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

প্রিমিয়ার লিগে গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে চিকিৎসক দলের দুই সদস্যের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি।

৩১ বছর বয়সী ফুটবলার মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজেই জানান চোটের খবর। বলেন, কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে তাকে।  

এই মাসে নেশন্স লিগে ইংল্যান্ডের দুই ম্যাচের দলে জায়গা পাননি ম্যাগুইয়ার। গত ইউরোতে খেলতে পারেননি তিনি চোটের কারণে। 

চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৯ ম্যাচ। ইউরোপা লিগে গত বৃহস্পতিবার তার ৯১তম মিনিটের গোলে পোর্তোর সঙ্গে ৩-৩ ড্র করে এরিক টেন হাগের দল।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ১৯ অক্টোবর প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ইউনাইটেড। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৪ নম্বরে আছে তারা।