ওয়াহ্বি কোচ থাকলে মরক্কোর হয়ে খেলবেন না আমরাবাত
‘আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি না এবং মরক্কোর হয়ে পুনরায় খেলার দরজাও বন্ধ করছি না’, বলেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
চলতি মাসে শুরু হতে যাওয়া ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের আগে জাতীয় দল ‘ছাড়লেন’ সুফিয়ান আমরাবাত। অভিজ্ঞ এই মিডফিল্ডার জানিয়েছেন, বর্তমান কোচ মোহামেদ ওয়াহ্বি দায়িত্বে থাকলে তিনি মরক্কোর হয়ে খেলবেন না।
একই সঙ্গে আমরাবাত এটাও স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না তিনি।
৩০ বছর বয়সী আমরাবাত এই সিদ্ধান্তের কারণ প্রকাশ করেননি। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত গত বিশ্বকাপে তিনি খুব বেশি খেলার সুযোগ পাননি। সেখানে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়া মরক্কোর ছয় ম্যাচের কেবল একটিতে তিনি শুরুর একাদশে ছিলেন।
গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া মিডফিল্ডার আয়ুব বুয়াদির উত্থান আমরাবাতের খেলার সুযোগ কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে এক পোস্টে আমরাবাত বলেন, “এটা খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু বর্তমান প্রধান কোচের কোচিংয়ে আমি জাতীয় দলের প্রতিনিধিত্ব করা চালিয়ে যেতে পারছি না। তাই, তিনি দায়িত্বে থাকা পর্যন্ত দলে জায়গার লড়াই থেকে নিজেকে বিরত রাখছি আমি।”
“জাতীয় দল এবং এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি সম্মান রেখে, এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো আমি নিজের কাছে রাখতে চাই। আমি পরিষ্কার করে বলতে চাই: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি না এবং মরক্কোর হয়ে পুনরায় খেলার দরজাও বন্ধ করছি না।”
ডাচ বংশোদ্ভূত আমরাবাত সম্প্রতি আয়াক্স আমস্টারডামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ওয়ালিদ রেগরাগির কোচিংয়ে ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা মরক্কো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এই বছরের মার্চে রেগরাগির স্থলাভিষিক্ত হন ওয়াহ্বি।
আমরাবাত বলেছেন, আগামী বছরের জুন-জুলাইয়ে কেনিয়া, উগান্ডা ও তানজানিয়ায় অনুষ্ঠেয় আফ্রিকা কাপ অব নেশন্সের মূলপর্বে যাত্রা শুরুর সময়ও মরক্কো দলের ‘সবচেয়ে বড় ভক্ত’ হিসেবেই থাকবেন তিনি।
টুর্নামেন্টটির বাছাইপর্বে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৫ সেপ্টেম্বর গ্যাবনের মুখোমুখি হবে মরক্কো। এর চার দিন পর তারা নিরপেক্ষ ভেন্যু দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে লেসোথোর বিপক্ষে খেলবে।
