১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজি ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের হোঁচট

লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম হোঁচট খেল ভেসোঁ কম্পানির দল।

পিএসজি ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের হোঁচট
লিগ টেবিলের তলানির দলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 10:30 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

লিগে আগের ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লেখা বায়ার্ন মিউনিখ এবারও শুরুতে টপাটপ দুটি গোল হজম করল। পরে আবার ঘুরেও দাঁড়াল তারা; কিন্তু এবার আর প্রত্যাশিত জয় পেল না বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।

বায়ার্নকে শনিবার তাদেরই আঙিনায় ৩-৩ গোলে রুখে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দল হাইডেনহাইম। প্রথমে দুই গোলের ব্যবধান ঘোচানোর পর, আবার পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষ সময়ের গোলে কোনোমতে একটি পয়েন্ট পায় তারা।

লিগে আগের রাউন্ডে গত সপ্তাহে মাইন্সের মাঠে প্রথমার্ধেই তিন গোল হজম করে বায়ার্ন। এরপর অসাধারণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় চার ম্যাচ বাকি থাকতে শিরোপা ধরে রাখা নিশ্চিত করা দলটি।

এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫-৪ গোলে হেরে যায় বায়ার্ন। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ফিরতি লেগে আগামী ফরাসি ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে মিউনিখের দলটি।

বাঁচা-মরার আসছে লড়াইয়ের আগে ঘরোয়া লিগে তিক্ত অভিজ্ঞতা হলো ভেসোঁ কম্পানির দলের। দলে অনেক পরিবর্তন এনে এদিন একাদশ সাজান বেলজিয়ান কোচ।

প্রথম আধা ঘণ্টায় দুই গোল হজম করে বসে তারা; গোল দুটি করেন জর্জিয়ার স্ট্রাইকার বুদু জিভজিভাদজে ও তুরস্কের ফরোয়ার্ড এরেন দিনকচি।

বায়ার্নের ঘুরে দাঁড়ানোর শুরু ৪৪তম মিনিটে, চমৎকার ফ্রি কিকে ব্যবধান কমান জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা। দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে কাছ থেকে ভলি করে সমতা টানেন চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া এই খেলোয়াড়।

বিরতির পর আক্রমণভাগের দুই তারকা হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে নামান বায়ার্ন কোচ।

৭৬তম মিনিটে আবার পিছিয়ে পড়ে বায়ার্ন, বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন জিভজিভাদজে। এই গোলে স্মরণীয় এক জয়ের খুব কাছেই ছিল হাইডেনহাইম।

তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা টানতে পারে বায়ার্ন। দূর থেকে শট নেন ওলিসে, বল পোস্টে লেগে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক ডিয়ান্ট রামাইয়ের পিঠে লেগে গোললাইন পেরিয়ে যায়।

৩২ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে টানা দুইবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট হলো ৮৩।

সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সবার নিচে হাইডেনহাইম।