২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘আমরা কেমন দল, দেখতেই পাচ্ছেন’, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে পিএসজি কোচ

পিএসজির দারুণ পথচলায় নিজেদের ওপর আত্মবিশ্বাসকে কৃতিত্ব দিয়েছেন লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 04:42 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে বড় এক লাফ দিয়েছে পিএসজি। কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই লিভারপুলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। দলের এই সাফল্যের পেছনে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখাকে কৃতিত্ব দিয়েছেন লুইস এনরিকে। ফরাসি ক্লাবটির কোচের মতে, কেন তারা ইউরোপ চ্যাম্পিয়ন, সেটির প্রমাণ দিয়ে যাচ্ছেন।

প্যারিসে শেষ আটের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারায় পিএসজি। ইংলিশ ক্লাবটির ডেরায় এসেও ফিরতি লেগে মঙ্গলবার একই ব্যবধানে জয় পায় তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে উঠে এনরিকের দল।

অ্যানফিল্ডে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে লিভারপুল। কিন্তু জালের দেখা পায়নি তারা। উল্টো ওই সময়ই গোল করে পিএসজির সেমি-ফাইনালের টিকেট একরকম নিশ্চিত করে ফেলেন উসমান দেম্বেলে। পরে যোগ করা সময়ে আরেকবার জালে বল পাঠান ফরাসি তারকা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও ভালো হয়নি পিএসজির। সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিতে পারেনি তারা। প্লে-অফে মোনাকোকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে দলটি।

সেখানে দুই লেগে চেলসির বিপক্ষে ৮-২ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকেট কাটে পিএসজি। কোয়ার্টার-ফাইনালে এসে এবার তারা হারাল আরেক ইংলিশ ক্লাব লিভারপুলকে।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা যে কঠিন, ভালো করেই জানেন এনরিকে। তবে তার দল আবারও ইউরোপ সেরার মুকুটের জন্য লড়ছে, দেখে ভালো লাগছে স্প্যানিশ কোচের।

“চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা কঠিন, আমরা তা জানি। তবে আমরা আবারও এখানে (সেমি-ফাইনালে) পৌঁছেছি। এই সুযোগগুলোর কাজে লাগাতে হবে।”

শিরোপাধারী হওয়ার কোনো বিশেষ ‘আভা’ কাজ করছে কিনা, এমন প্রশ্নের উত্তরে এনরিকে বলেন, নিজেদের আত্মবিশ্বাসের কথা।  

“আমি জানি না, এটা বিচার করা কঠিন। তবে আমার দল এই পর্যায়ে আছে এবং প্রতিপক্ষ কে সেটা না ভেবে এই মানের ফুটবল খেলতে পারে, এটা সত্যিই অনেক আনন্দের।”

“আমরা কেমন দল, দেখতেই পাচ্ছেন। নিজেদের ওপর প্রচুর আস্থা আছে, আমাদের আত্মবিশ্বাস অনেক, সমর্থকরাও সেই বিশ্বাস প্রকাশ করে।”

সেমি-ফাইনালে রেয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। শেষ আটের প্রথম লেগে ২-১ গোলে জিতে এগিয়ে আছে বায়ার্ন। এই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে চান এনরিকে? 

“যদি একটি দলের নাম বলি, দেখা যাবে আমরা অন্য দলটির মুখোমুখি হয়েছি। হাতে পানীয় নিয়ে রেয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিকের লড়াই দেখব। তবে প্রতিপক্ষে যে-ই হোক না কেন, আমরা সেখানে (ফাইনালে) পৌঁছানোর যোগ্য। সমর্থকদের সঙ্গে নিয়ে এই সুযোগের পূর্ণ ব্যবহার করব।”