২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইতালিয়ানদের আচরণে বিতর্কের জন্ম, জেকোর মতে ‘এটাই সুযোগ’

চারবারের বিশ্বকাপ জয়ীরা কেন কোনো দলকে ভয় পাচ্ছে, সেটাই বুঝতে পারছেন না এদিন জেকো।

ইতালিয়ানদের আচরণে বিতর্কের জন্ম, জেকোর মতে ‘এটাই সুযোগ’
এদিন জেকো ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 09:04 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের সেমি-ফাইনালে ওয়েলসের বিপক্ষে বসনিয়া ও হার্জেগোভিনার জয় দেখে ইতালির খেলোয়াড়দের উদযাপন নতুন এক বির্তকের জন্ম দিয়েছে। অনেকের মতে, ইতালিয়ানদের এমন আচরণ তাদের ফাইনালের প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক। বসনিয়া অধিনায়ক এদিন জেকো অবশ্য বিষয়টাকে এভাবে দেখছেন না। তিনি বরং বোঝাতে চাইলেন, ইতালি দল যে চাপে আছে, তারই প্রমাণ এটি।

প্লে-অফের সেমি-ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইতালি। আর ওয়েলসের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে জয় পায় বসনিয়া। 

পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেকোর সাবেক ইন্টার মিলান সতীর্থ ফেদেরিকো দিমার্কোসহ ইতালির আরও কয়েকজন খেলোয়াড় টিভিতে বসনিয়ার জয় দেখে উদযাপন করছেন। যেন তারা ফাইনালে ওয়েলসকে এড়াতে পেরেই খুব খুশি, যা বসনিয়ার প্রতি অসম্মানজনক আচরণ এবং এতে দেশটির ফুটবল সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছে। 

বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার লড়াইয়ে মঙ্গলবার ঘরের মাঠে ইতালির মুখোমুখি হবে বসনিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।

ম্যাচটির আগের দিন বিতর্কিত ওই বিষয় নিয়ে জেকোর মন্তব্য জানতে চান সাংবাদিকরা। ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিয়ান লিগে খেলা ৪০ বছর বয়সী স্টাইকার অবশ্য ওই বিতর্কে জড়াতে চাইলেন না।

“যা কিছু হয়েছে, তা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আমাদের সবারই একটা পছন্দের বিষয় আছে, আমার যেমন ইতালির বিপক্ষে না খেলা।” 

“তবে আজকাল খুব সতর্ক থাকতে হয়, কারণ সামাজিক মাধ্যমে সবকিছু বাস্তবতার চেয়ে খুব বড় হয়ে দাঁড়ায়। দিমার্কো আমাকে বার্তা পাঠিয়েছে এবং বলেছে যে, সে কাউকে অসম্মান করতে চায়নি। আমি তখন তাকে বলেছি, কী সব বিষয় নিয়ে আমরা কথা বলছি? কোনো সমস্যা নেই।”

গত দুই বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ হয়েছে ইতালি। টানা তৃতীয়বারও বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কায় আছে দেশটি। জেকোর মনে হচ্ছে, ওটাই বরং ইতালিয়ানদের বাড়তি ভয়ের কারণ। ওয়েলসের বিপক্ষে তাদের খেলতে না চাওয়ার বিষয়টা জেকোকে কিছুটা অবাকও করছে।

“ইতালি ওয়েলসের মাটিতে খেলতে চায়নি, কেন তা আমি জানি না। কারণ আমরা সেখানে কোনো ভয় ছাড়াই গিয়েছি এবং জিতেছি। ইতালির কেন ওয়েলস বা বসনিয়াকে ভয় পেতে হবে, আমি জানি না। ইতালি অবিশ্বাস্য এক জাতীয় দল, যারা চারবার বিশ্বকাপ জিতেছে।”

“তারা যদি ওয়েলসে খেলতে ভয় পায়, এর অর্থ হলো কিছু ঠিকঠাক কাজ করছে না এবং আমাদের পুরো বিষয়টাকে সেভাবে দেখা উচিত। তারা হয়তো সত্যিই এই ম্যাচে ভুগতে পারে, কারণ দুটি বিশ্বকাপে খেলতে না পারার পর (আসছে লড়াইয়ে) তাদের হারানোর অনেক কিছু আছে। এর মানে তারা ভীত।”