১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার লিগে ফেরার ‘সেই আগ্রহ’ আর নেই কেইনের

ইংল‍্যান্ড অধিনায়ক জানালেন, তিনি কেবল বায়ার্ন মিউনিখের ব‍্যাপারেই মনোযোগী।

প্রিমিয়ার লিগে ফেরার ‘সেই আগ্রহ’ আর নেই কেইনের
দ্বিতীয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী হ্যারি কেইন। ছবি: হ্যারি কেইনের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 05:25 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ইংল‍্যান্ডে ফেরার জল্পনার ইতি টেনে হ‍্যারি কেইন বললেন, প্রিমিয়ার লিগ নিয়ে আগের মতো আগ্রহ এখন আর অনুভব করেন না তিনি। তার ভাবনাজুড়ে এখন কেবল বায়ার্ন মিউনিখ।

টটেনহ‍্যাম হটস্পার ছেড়ে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেন কেইন। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার দারুণ সফল জার্মান ক্লাবটিতে। দুটি বুন্ডেসলিগা শিরোপার পাশাপাশি জিতেছেন জার্মান কাপ ও সুপার কাপ। 

কেইনের স্বদেশের ফুটবলে ফেরা নিয়ে প্রায়ই আলোচনা হয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা অ‍্যালান শিয়েরারের (২৬০) চেয়ে কেবল ৪৭ গোলে পিছিয়ে তিনি। 

গত মৌসুমের সর্বোচ্চ গোলের পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু হাতে পাওয়ার পর, বুধবার ক্রীড়া ম‍্যাগাজিন ফোরফোরটুকে ইংল‍্যান্ডে ফেরা নিয়ে নিজের অবস্থান জানান কেইন। 

“প্রথম যখন (টটেনহ‍্যাম) ছাড়লাম, তখন নিশ্চিতভাবেই আমি ভেবেছিলাম অবশ‍্যই আমি ফিরে আসব। সেই আকাঙ্ক্ষা এখন আর ততটা নেই। মিউনিখে আমি খুব সুখী। ইংল‍্যান্ডের বাইরে সম্পূর্ণ ভিন্ন ফুটবল দুনিয়া সম্পর্কে এটা আমার চোখ খুলে দিয়েছে।

“আমি কখনও বলব না যে, আর ফিরব না। তবে এই মুহূর্তে আমি কেবল বায়ার্ন মিউনিখেই মনোযোগ দিচ্ছি। এরপর দেখা যাবে, ভবিষ‍্যতে কী অপেক্ষা করছে।” 

জার্মান চ‍্যাম্পিয়নদের সঙ্গে কেইনের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। তিনি বলেছেন, শিগগির আলোচনা শুরু হবে, তবে কোনো পক্ষেরই তাড়াহুড়া নেই।

বুন্ডেসলিগায় গত মৌসুমে ৩৬ গোল করেন কেইন। লিগে আবারও সর্বোচ্চ গোলদাতা হন তিনি এবং দ্বিতীয়বারের মতো জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৪৭ ম‍্যাচে করেছেন ১৪৬ গোল। এর মধ‍্যে বুন্ডেসলিগায় ৯৪ ম‍্যাচে তার গোল ৯৮টি। 

আগামী ২৮ অগাস্ট ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ম‍্যাচ দিয়ে জার্মানির শীর্ষ লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন।