১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভীত মনে হয়েছে’

ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডের গোলদাতা দিয়োগো দালোতও স্বীকার করলেন, উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তারা।

‘ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভীত মনে হয়েছে’
সবশেষ পাঁচ ম্যাচে তৃতীয়বার প্রথমে এগিয়ে গিয়ে জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

জয়ের সম্ভাবনা জাগিয়ে আরও একবার পথ হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের মানসিকতার কড়া সমালোচনা করেছেন রয় কিন। তার দৃষ্টিতে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হুবেন অ্যামুরির দল ছিল ভীত।

গত কয়েক বছরের মতো এই মৌসুমেও শুরু থেকে অধারাবাহিক ইউনাইটেড। অক্টোবরে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতে দলটি ছন্দে ফেরার আভাস দিলেও, তা মিলিয়ে যেতে সময় লাগেনি। লিগে পরের পাঁচ ম্যাচে তাদের জয় কেবল একটি।

সবশেষ হতাশার গল্পটি তারা লিখেছে গত বৃহস্পতিবার রাতে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর, ৫৮তম মিনিটে দিয়োগো দালোতের গোলে এগিয়ে গেলেও ৮৩তম মিনিটে গোল হজম করে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। 

সবশেষ পাঁচ ম্যাচে এই নিয়ে তৃতীয়বার তারা প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জিততে পারল না। এ কারণে সাবেক তারকা মিডফিল্ডার রয় কিনের হতাশা আরও বেশি। বিশেষ করে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও উত্তরসূরিদের প্রভাব বিস্তার করতে না পারা মেনে নিতে পারছেন না তিনি।

“প্রত্যেকবার আমি এই ইউনাইটেডকে খেলতে দেখি এবং তারা প্রতিবারই হতাশা করে। তারা নির্ণায়ক হয়ে উঠতে পারে না, কাজ শেষ করার জন্য যথেষ্ট ভয়ঙ্কর হতে পারে না।”

“সবশেষ তিন কিংবা চার ম্যাচে তাদের পারফরম্যান্সে এটা প্রবলভাবে ফুটে উঠেছে। খুবই বাজে। কাজগুলো শেষ করার একটা সুযোগ আসে এবং এরপর যেন তাদেরকে ভয় পেয়ে বসে।”

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলটির পর্তুগিজ ডিফেন্ডার দালোতও স্বীকার করেছেন, এগিয়ে যাওয়ার পর তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। লিগ টেবিলের ১৮ নম্বর দলকে ভয়ের কারণ খুঁজে পাচ্ছেন না কিন।

“এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করতে পারো বলেই তোমরা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছো। যদি তারা উদ্বিগ্ন হয়ে পড়ে, তাদেরকে দুর্ভাবনা পেয়ে বসে, তাহলে ম্যান ইউনাইটেডের হয়ে খেলছে কেন? ওয়েস্ট হ্যামকে ভয়, কেন?”

ম্যাচটি জিততে পারলে টেবিলে পঞ্চম স্থানে উঠতে পারতো ইউনাইটেড। এখন ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।