১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেলিংহ্যাম-ভিনিসিউস-এমবাপের রসায়নে মুগ্ধ রেয়াল কোচ

তাদের একসঙ্গে খেলা নিয়ে কোনো অসুবিধা দেখেন না জোসে মরিনিয়ো।

বেলিংহ্যাম-ভিনিসিউস-এমবাপের রসায়নে মুগ্ধ রেয়াল কোচ
(বাঁ থেকে) ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 06:49 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

তিন তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম, ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপের মধ্যে দারুণ বোঝাপড়া দেখে ভালো লাগছে জোসে মরিনিয়োর। তিনজনের একসঙ্গে খেলা নিয়ে কোনো সমস্যা দেখছেন না তিনি। তাদের পরস্পরের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্যে মুগ্ধ রেয়াল মাদ্রিদ কোচ।

লা লিগায় রোববার মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় রেয়াল। একটি করে গোল করেন এমবাপে, বেলিংহ্যাম ও আর্দা গিলের। অন্য গোলটি আত্মঘাতী।

এদিন জালের দেখা পাননি ভিনিসিউস। তবে যোগ করা সময়ে গিলেরের গোলে অবদান রাখেন তিনি। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউসের ওই অ্যাসিস্ট আলাদাভাবে জায়গা করে নিয়েছে মরিনিয়োর মনে।

লিগের আগের ম্যাচে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষেও চার গোল করে রেয়াল। ৪-১ গোলে জেতা ওই ম্যাচে হ্যাটট্রিক করেন এমবাপে। নিজে একটি গোল করার পাশাপাশি এমবাপের একটি গোলে অবদান রাখেন ভিনিসিউস। ওই ম্যাচে জালের দেখা না পাওয়া বেলিংহ্যাম করেন দুটি অ্যাসিস্ট।

এবারের মৌসুমে যেভাবে দলের জন্য খেলছেন ভিনিসিউস, বেলিংহ্যাম ও এমবাপে; সেটা মনে ধরেছে মরিনিয়োর। মালাগা ম্যাচের পর তাই তিনজনের প্রশংসা করেন তিনি। তাদের একসঙ্গে খেলানোতে কোনো অসুবিধা দেখেন না দ্বিতীয় মেয়াদে স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে ফেরা পর্তুগিজ কোচ।

“শুরু থেকে বলে আসছি, খুব ভালো ফুটবলাররা নিজেদের মতো মানসম্পন্ন, একই গতিতে চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারে এমন খেলোয়াড়দের সঙ্গে খেলতে চায়। তাদের সবসময় একে অপরের সঙ্গে মানিয়ে নিতে হয়। যখন আমি মাদ্রিদে পৌঁছাইনি, তখন আলোচনা ছিল যে, মরিনিয়ো একে চান না কিংবা ওকে চান না, তিনজনকে একসঙ্গে খেলানো অসম্ভব। সব সময়ই বলেছি, সেরা খেলোয়াড়দের চাই, সব সময়, সব সময়।

“তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দলগতভাবে কাজ করার মানসিকতা দেখতে পাচ্ছেন। আর্দার সবশেষ গোলে ভিনি নিজে গোল করতে চায়নি, বলটি সতীর্থকে পাস করে দিয়েছে। সবাই একে অপরকে আলিঙ্গন করছে, একসঙ্গে উদযাপন করছে এবং একসঙ্গে কাজ করছে। এই মুহূর্তে তাদের নিয়ে আমি কোনো সমস্যাই দেখছি না। শুধু এটুকুই দেখছি যে, তারা সবাই অসাধারণ।”

টানা তিন জয়ে লিগের পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে আছে রেয়াল।