০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা কিছুই জিতিনি, কিছুই না’, দলকে পিএসজি কোচের সতর্কবার্তা

রেনের বিপক্ষে হারের দুয়ার থেকে ফিরে আসার পর দলের সবাইকে স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসতে বলেছেন লুইস এনরিকে।

‘আমরা কিছুই জিতিনি, কিছুই না’, দলকে পিএসজি কোচের সতর্কবার্তা
পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 05:20 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

রেনের মাঠে পয়েন্ট হারিয়ে লিগ মৌসুম শুরু করার পর পিএসজির সবাইকে সতর্ক করে দিয়েছেন লুইস এনরিকে। শিরোপা ধরে রাখার অভিযানে ঢিলেঢালাভাবে মৌসুম কাটানোর কোনো সুযোগ দেখেন না দলটির কোচ। তাই ‘স্বাচ্ছন্দ্যের জায়গা’ থেকে সবাইকে বেরিয়ে আসতে বলেছেন তিনি।

লিগ আঁয় রোববার নিজেদের প্রথম ম্যাচে কোনোমতে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। রেনের বিপক্ষে এদিন প্রথমার্ধে দুই গোল হজম করে বসে শিরোপাধারীরা।

দ্বিতীয়ার্ধে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় উসমান দেম্বেলে ও কাভিচা কাভারাৎসখেলিয়াকে আর নামাননি এনরিকে। তাদের বদলি হিসেবে সুযোগ পান বেলজিয়ামের মিকা হটস ও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া ফেররান তরেস।

পরে স্প্যানিশ ফরোয়ার্ড তরেসের দুই গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। গত মাসে বিশ্বকাপ ফাইনালে তার গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছিল স্পেন।

চলতি মাসের শুরুতে অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতে পিএসজি। কিন্তু পরে রেসিং লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপে হেরে যায় তারা। এবার হারের দুয়ার থেকে কোনোমতে ফিরে এলো দলটি।

লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। কিন্তু শুরুতে তাদের এমন পারফরম্যান্স ভাঁজ ফেলেছে এনরিকের কপালে। তাই দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

“ফুটবল এমনই। পিএসজি কিছুই জেতেনি, কিছুই না। কী জিতেছেন, সেটা নিয়ে ভাবলে, আর কিছু জিততে পারবেন না। এখানে কৃতিত্বের কিছু নেই। প্রতিদিন, প্রতিটি ম্যাচ, প্রতিটি অনুশীলন সেশনে নিজেকে প্রস্তুত প্রমাণ করতে হবে। অন্যথায় সহজেই স্বস্তি চলে আসবে এবং ছন্দ হারানো শুরু হবে।

“আমি এভাবে বেড়ে উঠিনি। আমরা সবসময়ই জিততে চাই এবং সেই ধারা বজায় রাখতে হলে স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। বিষয়টি পরিষ্কার?”

আগামী শুক্রবার লিগ ম্যাচে লিলের মুখোমুখি হবে পিএসজি।