Published : 23 Aug 2026, 12:03 AM
আসিয়ান কাপ খেলার ব্যাপারে সম্মতি জানিয়ে অপেক্ষার দিন গুণছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার কাছ থেকে এখনও অবশ্য সবুজ সংকেত মেলেনি, জানালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
জেএফএ’র বয়সভিত্তিক প্রতিযোগিতার খেলা দেখতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গিয়ে তাবিথ ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ, ফুটবল লিগ শুরু, ফিফার নিষেধাজ্ঞায় থাকা তিন ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, ফকিরেরপুল ইয়ংমেন্স নিয়েও কথা বলেন। সব বিষয়েই তার কথায় মিশে রইল অনিশ্চয়তা।
আগামী সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা ফিফা আসিয়ান কাপ। ভারত সরে দাঁড়ানোয় সুযোগ পেতে পারে বাংলাদেশ।
“দেখুন, সবকিছুতে একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অনেক কিছুই আপনারা জেনে যান, কিন্তু আমার তরফ থেকে আমি এখনও মন্তব্য করতে পারছি না। ফিফা যখন অফিশিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে আসছে আসিয়ান কাপের অংশগ্রহণকারী দল হিসেবে, তখন আমি এটা নিয়ে কথা বলতে পারব। আপাতত আমি কিছু বলতে পারছি না।”
বর্ষপঞ্জি অনুযায়ী ২১ অগাস্ট মাঠে গড়ানোর কথা ছিল মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপ। সেটি ভিন্ন কোনো সময়ে করা হবে বলে জানালেন তাবিথ। ২৫ অগাস্ট থেকে ফেডারেশন কাপ শুরু নিয়েও অনিশ্চয়তায় তিনি।
“না, এবারের জন্য এই ট্র্যাডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের মৌসুমের শুরুর আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে... ইভেন্টটা হবে কিন্তু অন্য নামে, অন্য তারিখে হবে।”
“এখন পর্যন্ত যেটা বললাম, আমাদের ফেডারেশন কাপ শুরুর তারিখ বহাল রয়েছে। আজকে আলোচনা কিছু হয়েছে, সে আলোচনার উপরে আমরা হয়তো কিছু সিদ্ধান্ত বদলাতে পারি। কিন্তু সেটা আজকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
ফিফার নিষেধাজ্ঞার কবলে থাকা বসুন্ধরা কিংস, আবাহনী ও ফকিরেরপুল দলবদল প্রক্রিয়া শুরু করতে পারেনি। এজন্য বুধবার পর্যন্ত সময় রয়েছে তাদের। ক্লাব লাইসেন্সিংয়ের সময় তাদের ফুরাবে সোমবার। লিগ শুরুর ক্ষণ নিয়েও দোটানায় বাফুফে সভাপতি।
“আমরা যেভাবে আমাদের বর্ষপঞ্জি দিয়েছি যে অগাস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, সে বিষয়ে আমরা কথা বলেছি। আমি আজকে বাকি যে ক্লাবগুলো আছে তাদেরকে অনুরোধ করেছিলাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিতে। আমরা এখন পর্যন্ত ১৩টা দলকে ধরে রেখেছি (লিগে খেলার জন্য), কিন্তু ১৯ তারিখের পরে চূড়ান্তভাবে জানতে পারব। তবে, খেলার তারিখটা কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না।”