Published : 22 Aug 2026, 07:44 PM
একরাশ হতাশা নিয়ে নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। বিবর্ণ ফুটবল খেলে হাল সিটির মাঠে হেরে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। অন্য দিকে চমৎকার জয় দিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরার ম্যাচ রাঙিয়ে রাখল হাল সিটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। মাইকেল ক্যারিকের দল দুটি গোলই হজম করেছে ম্যাচের প্রথমার্ধে।
সেমি আজায়ি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নোবেল মঁদি। তাদের গোলে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ইউনাইটেডকে হারাল হাল সিটি। শীর্ষ লিগে দলটির নতুন মৌসুমের শুরুটা হলো স্বপ্নের মতো।
প্রতিপক্ষের মাঠে ত্রয়োদশ মিনিটে প্রথম সুযোগ পায় ইউনাইটেড। বিপজ্জনক জায়গা থেকে গোলরক্ষকের খুব কাছ দিয়ে শট নিয়ে দলকে হতাশ করেন ব্রায়ান এমবুমো।
দুই মিনিট পর নিজেদের প্রথম সুযোগ কাজে লাগাতে পারেনি হাল সিটিও। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।
সপ্তদশ মিনিটে কর্নার থেকে বল পেয়ে শট নেন ওলি ম্যাকবার্নি। গোলরক্ষকের গায়ে লেগে পোস্ট ছুঁয়ে বল ফিরলে সুযোগ পেয়ে যান আজায়ি। খুব কাছ থেকে বাকিটা সারেন তিনি।
১২ মিনিট পর সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন প্যাট্রিক ডগু। দূরের পোস্টে হ্যারি ম্যাগুইয়ারের চমৎকার ক্রস পেয়েও জাল খুঁজে নিতে পারেননি তিনি।
৩৬তম মিনিটে এমবুমোর শট নোবেল মঁদির গায়ে লেগে পোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে যায়। দুই মিনিট পর ব্যবধান বাড়ায় হাল সিটি। রিগ্যান স্ল্যাটারের ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন মঁদি।
পিছিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশ চাপ তৈরি করে তারা। তবে রক্ষণ জমাট রেখে গতিময় পাল্টা আক্রমণে গোলের বেশি সুযোগ তৈরি করে হাল সিটিই।
৭৩তম মিনিটে স্রেফ একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি কোডি ড্রেমে। পাঁচ মিনিট পর এমবুমোর শট ঠেকিয়ে ব্যবধান কমতে দেননি স্বাগতিক গোলরক্ষক।
শেষ দিকে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে হাল সিটি। তাদের রক্ষণ ভাঙার মতো সৃজনশীলতা দেখাতে পারেননি ব্রুনো ফের্নান্দেস, মার্কাস রাশফোর্ডরা। তাতে নতুন মৌসুমের শুরুতেই ইউনাইটেডের খেলায় জাগল সংশয়। তাদের নিদারুণ ব্যর্থতার দিনে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডেই মৌসুমের বড় অঘটনের একটির জন্ম দিল হাল সিটি।