‘ব্রাজিল ম্যাচ দেখাচ্ছে ব্যবধান কমিয়ে আনছে জাপান,’ বললেন কোচ
শেষ বত্রিশে ব্রাজিলের বিপক্ষে দলের দারুণ লড়াই জাপান কোচ হাজিমে মরিয়াসুর কাছে উন্নতির প্রমাণ।
শেষ বত্রিশের ম্যাচে লম্বা সময় ব্রাজিলকে ঠেকিয়ে রাখা জাপান শেষরক্ষা করতে পারেনি। তবে কোচ হাজিমে মরিয়াসু মনে করছেন, এই ম্যাচ দিয়ে তারা দেখাতে পেরেছেন যে, শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে জাপান।
হিউস্টনে সোমবার এগিয়ে গিয়েও রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান।
শেষ সময় পর্যন্ত লড়াই করেছে এশিয়ার চ্যাম্পিয়নরা। ৫৬তম মিনিটে কাসেমিরো গোল করে ব্রাজিলকে সমতায় ফেরানোর পর ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার আশা জাগায় জাপান। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের হৃদয় ভেঙে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
শেষের গোলে নাটকীয় হারে হৃদয় ভাঙে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে আসর শুরু করা জাপানের। তবে এবার যে তারা উন্নতির প্রমাণ রাখতে পেরেছে সেটা স্পষ্ট। ম্যাচ শেষে সেই কথাই বললেন কোচ মরিয়াসু।
“আমাদের মধ্যে ব্যবধান কমে গেছে। অবশ্যই ব্রাজিল শীর্ষ পর্যায়ের একটি দল। আর আমরা অবশ্যই সে দিকে এগিয়ে যাচ্ছি।”
“ফলের দিক থেকে আমরা খুব হতাশ। অবশ্যই, আমাদের মধ্যে এই ধরনের ব্যবধান রয়েছে এবং আমাদের নিজেদের খেলার উন্নতি করতে হবে। আমাদের সবার লক্ষ্য শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা।”
বিশ্বকাপে নকআউট পর্বে প্রথম জয়ের জন্য জাপানের অপেক্ষা আরও বেড়েছে। তবে চোট পাওয়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও দল যেভাবে খেলেছে তাতে খুশি জাপান কোচ।
“এটা জাপান দলের একটা শক্তির দিক। বেশি খেলোয়াড়ের এমন অভিজ্ঞতা অর্জন জাপানে ফুটবলের উন্নতির ধারা বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে।”
