১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়ে কৃতিত্ব সতীর্থদের দিলেন সিমোন

স্পেনের গোলরক্ষক মনে করেন, তার গোল হজম না করার রেকর্ডের পেছনে দলের সবার ভূমিকা আছে।

রেকর্ড গড়ে কৃতিত্ব সতীর্থদের দিলেন সিমোন
স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 11:55 AM

Updated : 11 Sep 2026, 03:34 PM

ওয়াল্তার জেঙ্গাকে পেছনে ফেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় গোল হজম না করার রেকর্ড গড়া উনাই সিমোন কৃতিত্ব দিলেন সতীর্থদের। স্পেনের এই গোলরক্ষক মনে করেন, দলের অন‍্যদের ভূমিকা না থাকলে জাল অক্ষত রাখা সম্ভব হতো না। 

শেষ বত্রিশে অস্ট্রিয়াকে বৃহস্পতিবার ৩-০ গোলে হারিয়েছে স্পেন। ২০১০ সালে শিরোপা জয়ের পর প্রথমবার নকআউট পর্বে জয় পেয়েছে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নরা। 

আসরে চার ম‍্যাচে কোনো গোল হজম করেননি সিমোন। তার গোল হজম না করার ধারা শুরু হয়েছে গত আসর থেকে। সব মিলিয়ে ৫১৯ মিনিটে তার জালে যায়নি কোনো বল।

১৯৯০ বিশ্বকাপে শুরু থেকে টানা পাঁচ ম‍্যাচে ক্লিনশিট রাখেন জেঙ্গা। ইতালির গোলরক্ষককে পেরিয়ে ৫১৮ মিনিটে কোনো বল যায়নি জালে। 

ম‍্যাচ শেষে রেকর্ড নিয়ে কথা বলেন সিমোন। এমন কীর্তির জন‍্য স্রেফ রক্ষণভাগ নয়, আক্রমণভাগেরও গুরুত্বপূর্ণ অবদান দেখেন তিনি।

“আমি আগেও বলেছি, আজও বলছি, ক্লিনশিট রাখা মাঠে থাকা ১১ জনেরই কাজ। এমনকি এখানে থাকা ২৬ জনেরই ভূমিকা থাকে।

“আপনাকে এটা বিবেচনায় রাখতে হবে, কীভাবে মিকেল ওয়াইরসাবাল, লামিন ইয়ামাল, আলেক্স বায়েনা, দানি ওলমোরা ওদের চেপে ধরেছিল… দলের জন‍্য এটা গুরুত্বপূর্ণ। আমরা এক সঙ্গে কঠোর পরিশ্রম ও লড়াই করি।”

কোনো গোল না পেলেও দলের জয়ে ইয়ামাল ও ওলমোর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন সিমোন। 

“প্রথম ২০, হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত আমাদের খেলা ততটা সাবলীল ছিল না। সে সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বেশ চাপ তৈরি করেছিল। তবে আমরা তাদের ধীরে ধীরে দুর্বল করে ফেলেছিলাম। লামিন ও দানি ওলমোকে বল দিতে পারা আমাদের আত্মবিশ্বাস জোগায়, আমরা এটা নিয়ে কাজ করছি।”