Published : 18 Nov 2025, 06:33 PM
বাছাইপর্ব জুড়ে ভোগান্তির স্মৃতি এখনও তরতাজা। এর পেছনের কয়েক বছরের পারফরম্যান্সও খুব আশাব্যাঞ্জক নয়। পুরনো সব হতাশা পেছনে ফেলে, কার্লো আনচেলত্তির কোচিংয়ে স্বমহিমায় ফিরতে মরিয়া ব্রাজিল দল। সেই লক্ষ্যে এবারের ফিফা উইন্ডোতে দুই ম্যাচের দুটিই জয়ের রঙে রাঙাতে চান দলটির অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োস।
ক্লাব ফুটবলের কিংবদন্তিতুল্য কোচ আনচেলত্তি গত মে মাসে দায়িত্ব নেন ব্রাজিল জাতীয় দলের। সেই থেকে একটু একটু করে যেন কক্ষপথে ফিরতে শুরু করেছে তারা। যদিও লক্ষ্য থেকে এখনও বেশ দূরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা; তবে গত শনিবার সেনেগালের বিপক্ষে চমৎকার পারফরম্যান্সের পর দলটি ঘিরে অনেকেই আরও আশাবাদী হয়ে উঠেছেন।
এবারের আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ফ্রান্সের লিলে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত দেড়টায়।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিপর্বে সঠিক পথে এগিয়ে যেতে আসছে ম্যাচটা জেতা যে অনেক গুরুত্বপূর্ণ, সিবিএফ টিভিকে সোমবার দেওয়া সাক্ষাৎকারে সেটাই বললেন মার্কিনিয়োস।
“এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। (সাম্প্রতিক অতীতে) আমরা কিছু ভালো ম্যাচ খেলেছি এবং কিছু ম্যাচ ভালো খেলিনি, আর সেনেগাল ম্যাচের পর ওই বিষয়ে আমরা অনেক ভেবেছিও। (সেনেগালের বিপক্ষে) ম্যাচটা ছিল দারুণ, যেখানে দলের সবার মাঝে অনেক প্রাণশক্তি ও জয়ের ক্ষুধা ফুটে ওঠে, সবাই ছিল লক্ষ্যে পূর্ণ মনোযোগী এবং দারুণ গোছালো।”
“ম্যাচটিতে অনেক ইতিবাচকতা আছে, যা আমরা বিশ্বকাপে বয়ে নিতে পারি। খেলার এই মান ধরে রাখতে হলে, তিউনিসিয়ার বিপক্ষেও আমাদের সঠিক প্রতিক্রিয়া দেখাতে হবে। কারণ বিশ্বকাপে তো আমরা অধারাবাহিক হতে পারি না।”
আনচেলত্তি আসার পর এখন পর্যন্ত একটা আন্তর্জাতিক বিরতিও পূর্ণ সাফল্যে শেষ করতে পারেনি ব্রাজিল দল। আগের সাত ম্যাচে একবার মাত্র টানা দুটিতে জয় মিললেও, ম্যাচ দুটো ছিল ভিন্ন উইন্ডোতে। এবার ‘দুইয়ে দুই’ হওয়ার জোর সম্ভাবনা আছে। মার্কিনিয়োসও চান বছরের শেষটা হাসিমুখে করতে।
“(দলে) এখানে আসার পর থেকে, এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। আর ম্যাচ দুটি ভালো খেলে জিততে পারলে তা আরও ভালো।”
“প্রথম ম্যাচটি খুব ভালো কেটেছে এবং তিউনিসিয়ার বিপক্ষেও ভালো খেলার সামর্থ্য আছে আমাদের। অনুশীলন খুব ভালো হয়েছে, এখন এই পর্বটা খুব ভালোভাবে শেষ করতে হবে। একটা জয়, একটা ভালো পারফরম্যান্স, দলের উন্নতির ধারা ধরে রাখা এবং সেনেগালের বিপক্ষে আমরা যা যা ভালো করেছি, তা ধরে রাখতে পারলে বিশ্বকাপের লক্ষ্যে ভালোভাবে এগিয়ে যেতে পারব।”