ইংলিশ ফুটবল
Published : 20 May 2026, 03:44 PM
বোর্নমাউথের মাঠে হারের মুখ থেকে কোনোরকমে ড্র করতে পারলেও, তা ম্যানচেস্টার সিটিকে শিরোপা লড়াইয়ে টিকিয়ে রাখতে পারেনি। এতে স্বাভাবিকভাবেই প্রচণ্ড হতাশ দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। তবে, ২২ বছর পর লিগ শিরোপা জয়ী আর্সেনালকে সাধুবাদ জানাতে ভোলেননি সিটি কোচ।
শিরোপা লড়াইয়ে শেষ দিনে টেনে নিতে বোর্নমাউথের বিপক্ষে জিততেই হতো সিটির; কিন্তু ভাইটালিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচটি ১-১ ড্র হয়। ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর, শেষ মুহূর্তে সমতা টানেন আর্লিং হলান্ড।
সিটির এই ব্যর্থতায় এক রাউন্ড বাকি থাকতে ২০০৩-০৪ মৌসুমের পর ইংল্যান্ডের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন হলো ‘গানার’ খ্যাত দলটি। ৩৭ রাউন্ড শেষে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে মিকেল আর্তেতার দলের। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্সেনালকে অভিনন্দন জানিয়ে গুয়ার্দিওলা বলেন, যোগ্য দল হিসেবে শিরোপার জিতেছে লন্ডনের ক্লাবটি।
“আর্সেনালকে অভিনন্দন। মিকেল (আর্তেতা), তাদের স্টাফ এবং সমর্থকদের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের জন্য অভিনন্দন। তারা এটার যোগ্য দাবিদার।”
এবারের মৌসুমে শিরোপার দৌড় থেকে লম্বা একটা সময় পিছিয়ে ছিল সিটি। পরে ঘুরে দাঁড়িয়ে আর্সেনালকে তাড়া করতে থাকে তারা। যদিও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া হলো না তাদের।
গুয়ার্দিওলা বললেন, শিরোপা ভাগ্য হাতে না থাকলেও মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত লড়াই টেনে নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি ও তার দল।
“এটা আমার কোচিং ক্যারিয়ারের এমন একটি বছর, যেখানে আমরা এমন সব অবিশ্বাস্য পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছি, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। তাও আমরা শেষ পর্যন্ত টিকে ছিলাম। কখনও হাল ছেড়ে দেইনি। শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপার লড়াই নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু (শিরোপা লড়াইয়ের ভাগ্য) আমাদের হাতে ছিল না।”