২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পেদ্রির চোটে বিস্মিত বার্সেলোনা কোচ

বাস্তবতা মেনে নিয়ে হান্সি ফ্লিক বললেন, খুব শিগগিরই এই মিডফিল্ডার মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি।

পেদ্রির চোটে বিস্মিত বার্সেলোনা কোচ
পেদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চোট যেন আষ্টেপৃষ্টে চেপে ধরেছে বার্সেলোনাকে। সবশেষ কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার পেদ্রি। দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের চোট পাওয়াটা অবাক করেছে কোচ হান্সি ফ্লিককে।

গত সপ্তাহে লা লিগায় রেয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে শেষ দিকে লাল কার্ড দেখেন পেদ্রি। ম্যাচের পর করানো পরীক্ষায় তার বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ার কথা গত বুধবার জানায় কাতালান ক্লাবটি। গণমাধ্যমের খবর, ২২ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে।

জয়ে ফেরার লক্ষ্যে রোববার লিগে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে পেদ্রির চোট পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন ফ্লিক। 

“পেদ্রির চোটে আমরা অবাক হয়েছি। মাদ্রিদে ম্যাচের পর তার সামান্য অস্বস্তি, ক্লান্তি ছিল; কিন্তু আমরা তার পরীক্ষা করে দেখি এবং সেখানে চোট ধরা পড়ে। পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি আমরা। আশা করি, খুব শিগগিরই ফিরতে পারবে সে।”

ক্লাব ও জাতীয় দল মিলে টানা ৫৩ ম্যাচ খেলার পর চোটে পড়েছেন পেদ্রি। গত ২৬ জানুয়ারি সবশেষ কোনো ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি।

চলতি মৌসুমের প্রথম আড়াই মাসে বার্সেলোনার মূল দলের ২৩ জনের ১৩ জনই কোনো না কোনো চোটে পড়েছেন অথবা কেউ কেউ এখনও ভুগছেন।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। শীর্ষে রেয়াল মাদ্রিদের পয়েন্ট ২৭।