এমবাপেকে ফ্রান্স দলে রাখায় সমস্যা দেখেন না আরবেলোয়া
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচেও ফরাসি তারকাকে খেলানোর কথা নিশ্চিত করেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
চোট কাটিয়ে কেবলই মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে বিশ্রাম না দিয়ে, প্রীতি ম্যাচের জন্য ফ্রান্স দলেও রাখা ঠিক হয়েছে কিনা, উঠছে এমন প্রশ্ন। তবে এতে সমস্যার কিছু দেখছেন না রেয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। তার মতে, এখন পুরোপুরি ফিট আছেন এমবাপে।
গত ডিসেম্বরে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান এমবাপে। সেই সমস্যা মাঝেমধ্যে মাথাচাড়া দেওয়ায় দলে নিয়মিত হতে পারছেন না তিনি। দলের সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই যেমন খেলতে পারেননি ২৭ বছর বয়সী ফুটবলার।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগ দিয়ে গত মঙ্গলবার মাঠে ফেরেন এমবাপে। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয়ের ম্যাচে বদলি নেমে ২১ মিনিট খেলেন তিনি।
সেই লড়াইয়ের দুই দিন পর দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করে ফ্রান্স। চলতি মাসের শেষ সপ্তাহে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এমবাপেকে রাখেন ফরাসিদের কোচ দিদিয়ে দেশম।
লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু মাঠের লড়াই। হাইভোল্টেজ ম্যাচটিতেও এমবাপেকে খেলানোর কথা আগের দিনের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আরবেলোয়া।
“আমি আগেই বলেছি, সে যখন ফিরবে, শতভাগ ফিট থাকবে। ম্যানচেস্টারে সে দেখিয়েছে যে ভালো অবস্থায় আছে এবং কেমন অনুভব করছে…সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে এবং আমি নিশ্চিত সে ছন্দ ফিরে পাবে; তাকে ফিরে পেয়ে আমি খুবই খুশি। সে এখন পুরোপুরি ফিট।”
“(আতলেতিকো ম্যাচে) তাকে পাওয়া যাবে এবং সে অবশ্যই খেলবে। তার জাতীয় দলে যোগ দেওয়ায় আমি কোনো সমস্যা দেখি না।”
লা লিগায় ২৮ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
