১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ফাইনালে হাসিটা আমার মুখেই থাকবে’

স্পেনের বিপক্ষে ফাইনাল সামনে রেখে আত্মবিশ্বাস ভরা কণ্ঠে এ কথা বললেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

‘ফাইনালে হাসিটা আমার মুখেই থাকবে’
আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 06:22 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ফাইনালে বিজয়ীর হাসি কার বা কাদের মুখে থাকবে, তা সময়ই বলে দেবে। তবে, এমিলিয়ানো মার্তিনেসের বিশ্বাস, তার মুখেই ফুটবে সাফল্যের হাসি এবং সেটা দেখবে সবাই। এমন আত্মবিশ্বাসের কারণ, মাঝের চার বছরে তিনি হয়েছেন আরও পরিণত ও নির্ভরযোগ্য।

উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় রোববার ১টায় (এএম) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। 

দলের লক্ষ্যপূরণে পোস্ট আগলে রাখার গুরুভার থাকবে মার্তিনেসের কাঁধে। ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা এই গোলকিপার প্রস্তুত দায়িত্ব বয়ে নেওয়ার।

চার বছর আগে কাতার বিশ্বকাপে, বিশেষ করে ফাইনালের প্রয়োজনীয় সময়ে সেরাটা মেলে ধরেছিলেন মার্তিনেস। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে কিংসলে কোমানের শট আটকে দলের জয়ের নায়কদের একজন ছিলেন তিনি।

সেবার বিশ্বকাপের শুরুতে অবশ্য তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মার্তিনেসের। সৌদি আরবের বিপক্ষে হেরে বসেছিল আর্জেন্টিনা। দুটি গোল হজম করেছিলেন মার্তিনেস। সেই ম্যাচের দিকেও পিছু ফিরে তাকালেন তিনি। তবে, আত্মবিশ্বাস ভরা কণ্ঠে বললেন, নিউ ইয়র্কে হাসবেন তিনিই।

“গতবারের চেয়ে এবারের বিশ্বকাপ আমি অনেক বেশি উপভোগ করছি। সেবার সৌদি আরবের বিপক্ষে ভীষণ ভুগেছিলাম। খুব বেশি শট মোকাবিলা করতে পারিনি এবং প্রতিপক্ষরা গোল করেছিল।

“কাতার বিশ্বকাপে আমি কেবল পেনাল্টি শুটআউটে নির্ণায়ক ভূমিকা রেখেছিলাম। আমি মনে করি, তখনকার চেয়ে আমি এখন আরও ভালো খেলোয়াড়। রোববার ফাইনালের জন্য আমি প্রস্তুত এবং আপনারা আমাকে হাসতে দেখবেন।”