ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর বরখাস্ত বতাফোগো কোচ
মাত্র চার মাসেই শেষ হয়ে গেল পর্তুগিজ কোচের বতাফোগো অধ্যায়।
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর চাকরি হারালেন বতাফোগো কোচ হেনাতো পাইভা। ব্রাজিলিয়ান ক্লাবটির ডাগআউটে এই পর্তুগিজ কোচের পথচলা শেষ হয়ে গেল স্রেফ চার মাসেই।
যুক্তরাষ্ট্রে চলমান নতুন আঙ্গিকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে শুরুটা দারুণ করে বতাফোগো। সিয়াটল সাউন্ডার্সকে ২-১ গোলে হারিয়ে অভিযান শুরুর পর তারা বড় চমক উপহার দেয় ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ১-০ গোলে হারিয়ে। পরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হারলেও, ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পা রাখে দলটি।
সেখানে অবশ্য গত শনিবার অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে স্বদেশের ক্লাব পালমেইরাসের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় বতাফোগো।
ক্লাবটি সোমবার বিবৃতি দিয়ে পাইভার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায়। গত ফেব্রুয়ারিতে দলটির দায়িত্ব নিয়েছিলেন ৫৫ বছর বয়সী এই কোচ।
