Published : 02 Nov 2025, 06:03 PM
ক্যারিয়ারে চেলসি অধ্যায়ে অসাধারণ শুরুর পর হঠাৎ যেন গোল করতে ভুলে গিয়েছিলেন জোয়াও পেদ্রো। তবে গোল করার চেয়েও তার কাছে ‘বেশি গুরুত্বপূর্ণ’ দলের সাফল্যে অবদান রাখা। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ব্যক্তিগত গোলের খরা কাটানোর পাশাপাশি ব্যবধান গড়ে দিয়ে এমনটাই বললেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জয় পায় চেলসি। প্রথমার্ধে আট মিটার দূর থেকে গোলটি করেন পেদ্রো।
২৪ বছর বয়সী পেদ্রোর সামনে আরও কয়েকবার ভালো সুযোগ এসেছিল; কিন্তু তিনবার তার প্রচেষ্টা রুখে দেন টটেনহ্যাম গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও। পেদ্রো নেতো ও আলেহান্দ্রো গারনাচোর শটও ঠেকিয়ে দেন এই ইতালিয়ান কিপার।
গত জুলাইয়ের শুরুতে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়ে, প্রথমবার দলটির শুরুর একাদশে নেমেই নায়ক হয়ে ওঠেন পেদ্রো। জোড়া গোল করে ফ্লুমিনেসিকে হারিয়ে দলকে তোলেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। পিএসজির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচেও দলের ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেন তিনি।
সেখান থেকে ফিরে প্রিমিয়ার লিগেও চেলসির হয়ে প্রথম তিন ম্যাচে দুটি গোল করেন পেদ্রো। এরপরই শুরু হয় তার গোল খরা।
অবশেষে, প্রিমিয়ার লিগে ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচ পর জালের দেখা পেলেন পেদ্রো।
আবার গোল করতে পেরে দারুণ উচ্ছ্বসিত পেদ্রো। তবে ম্যাচের পর তিনি জানালেন, দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
“গোলটি আমার খুব দরকার ছিল, কারণ অনেক দিন ধরে আমি গোল পাচ্ছিলাম না এবং দলও আমার কাছে গোল প্রত্যাশা করে।”
“আমি সবসময় গোল ও অ্যাসিস্ট করে দলকে সাহায্য করতে চাই, কিন্তু সবকিছুর আগে আমাকে ভালো পারফর্ম করতে হবে। ভালো খেলতে পারলে গোল এমনিতেই আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জয়।”
চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ খেললেও কোনো গোল পাননি পেদ্রো। প্রিমিয়ার লিগেও এর আগে সবশেষ গোল করেছিলেন গত অগাস্টে, ফুলহ্যামের বিপক্ষে।
১০ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে চেলসি। তাদের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম।
২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।